শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে দ্বিতীয়বার ভাবেনি। অথচ ৭৭ রানে অলআউট হলো তারা। এই রান তাড়া করতে গিয়েই দক্ষিণ আফ্রিকার ঘাম ঝরলো। ম্যাচটি তারা ৬ উইকেটে জিতে নিলো ১৭তম ওভারে গিয়ে।
মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও ধুঁকেছে দক্ষিণ আফ্রিকা। ৬ ওভারের পাওয়ার প্লেতে তারা মাত্র ২৭ রান তুলতে পারে ২ উইকেট হারিয়ে। রিজা হেনড্রিকস ২ বলে ৪ আর এইডেন মার্করাম ১৪ বলে আউট হন ১২ করে।
কুইন্টন ডি ককের মতো মারকুটে ব্যাটারও খেলেছেন টেস্ট মেজাজে। ২৭ বলে তিনি করেন ২০। ত্রিস্টান স্টাবসের ব্যাট থেকে আসে ২৮ বলে মাত্র ১৩।
১৩তম ওভারে ৫৮ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হেনরিখ ক্লাসেন আর ডেভিড মিলার। ক্লাসেন ২২ বলে ১৯ আর মিলার ৬ বলে ৬ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন।
শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ রান দিয়ে নেন ২টি উইকেট।
প্রোটিয়া বোলারদের তোপে ১৯.১ ওভারে মাত্র ৭৭ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।
শুরু থেকেই চাপে ছিলেন লঙ্কান ব্যাটাররা। মাত্র ৩ রান করে আউট হন পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিস করেন সর্বোচ্চ ১৯ রান। কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে ১১ রান।
ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং সাদিরা সামারাবিক্রমা রানের খাতাই খুলতে পারেননি। ৬ রান করে বিদায় নেন চারিথ আশালঙ্কা। ১৬ রান করেন অ্যাঞ্জেলো ম্যথিউজ। দাসুন শানাকা আউট হন ৯ রান করে। ৭ রান আসে মহেশ থিকসানার ব্যাট থেকে। তিনি ছিলেন অপরাজিত। মাথিসা পাথিরানা, নুয়ান থুসারা আউট হন কোনো রান না করেই।