Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি বাংলাদেশের

শ্রীলঙ্কাকে পেছনে ফেলে আট নম্বরে উঠে এসেছে বাংলার টাইগাররা

আপডেট : ০৫ মে ২০২৬, ০৬:৪৭ পিএম

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদের পর এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে নয় থেকে আট নম্বরে উঠে এসেছে বাংলার টাইগাররা। 

সম্প্রতি প্রকাশিত আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোর ১০০ শতাংশ রেটিং এবং আগের দুই বছরের ম্যাচের ৫০ শতাংশ রেটিং বিবেচনা করা হয়েছে। এই আপডেটে শ্রীলঙ্কা তাদের আগের অবস্থান থেকে ৬ রেটিং পয়েন্ট হারিয়েছে, যার ফলে তারা নবম স্থানে নেমে গেছে। আর, বাংলাদেশ ১ রেটিং পয়েন্ট অর্জন করে মোট ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। 

বাংলাদেশ ১ পয়েন্ট বাড়িয়ে ৮ নম্বরে উঠেছে (২২৫ পয়েন্ট)। অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে ৯ নম্বরে। আফগানিস্তান ২২০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে, যা শ্রীলঙ্কার থেকে মাত্র ১ পয়েন্ট কম। 

এছাড়াও, নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। মেয়েদের রেটিং পয়েন্ট বেড়েছে ৫। ১০ নম্বরে থাকা বাংলাদেশ এখন নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে। ১ মে প্রকাশিত মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছিল মেয়েরা।

ভারত এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ধরে রেখে ইতিহাস গড়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে তারা প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং বর্তমানে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে। 

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, মে ২০২৫ থেকে খেলা ম্যাচগুলো ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলো ৫০ শতাংশ গুরুত্ব দিয়ে হিসাব করা হয়েছে।

ভারত ২৭৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের পয়েন্ট ২৫৮। র‍্যাঙ্কিংয়ের ৪ থেকে ৭ নম্বর অবস্থান অপরিবর্তিত রয়েছে: নিউজিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩)। 

১১ ও ১২ নম্বরে যথাক্রমে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড নিজেদের অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্র ৬ পয়েন্ট বাড়িয়ে ১৩ নম্বরে উঠে এসেছে।  ১৬ নম্বরে নামিবিয়া রয়েছে। নেপাল (১৭) এবং ওমান (১৯) এক ধাপ এগিয়েছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত ১৮ এবং কানাডা ২০ নম্বরে আছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি ১১ পয়েন্ট পেয়ে ২৬ থেকে ২৩ নম্বরে উঠে এসেছে।

   

About

Popular Links

x