ব্যাটসম্যানদের ধারাবাহিক ব্যর্থতা গ্রহণযোগ্য নয়, বললেন শান্ত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। সোমবার (১৭ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে নেপালকে ২১ রানে হারিয়ে ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে নাজমুল হোসেন শান্ত’র দল।

এদিন সেন্ট ভিনসেন্টে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান করেন সাকিব আল হাসান। তবে এত অল্প পুঁজিতেও বাংলাদেশ জয় পায় মূলত বোলারদের দাপটে। শুধু এই ম্যাচ নয়, গ্রুপ পর্বের চার ম্যাচেই হতাশ করেছে ব্যাটসম্যানরা। বিশেষ করে টপ অর্ডার ধারাবাহিকভাবে ব্যর্থ। আর এই ব্যর্থতাকে এবার গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, “এখন আমরা সুপার এইটে খেলব। সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমার মনে হয়, টি-টোয়েন্টিতে বড় দল বলে কিছু নেই। আশা করি, সুপার এইটে আমরা ভালো করতে পারব।”

সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের প্রসঙ্গ একাধিকবার উঠেছে। বিশেষ করে উঠে এসেছে টপ অর্ডারের ব্যর্থতার প্রসঙ্গটি।

বোলাররা এভাবে আর কত ম্যাচ জেতাবেন? ব্যাটসম্যানেরা কি জেগে উঠবেন না? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, “এটা তো আসলে সম্ভব না যে প্রতিদিনই বোলাররা জেতাবে। আমি আশা করব, প্রতিদিনই জেতাক। কিন্তু ব্যাটসম্যানেরও দায়িত্ব আছে এবং কেন হচ্ছে না, এটা সবাই চেষ্টা করছে বের করার। কিন্তু কোনোভাবেই হচ্ছে না এবং এটা গ্রহণযোগ্য নয়। সত্যি বলতে এই উইকেট ১৪০-১৫০ রান করার মতো হয়তো ছিল। কিন্তু সেটা আমরা করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য এটা চিন্তার একটা কারণ।”

অধিনায়ক হিসেবে সুপার এইটে এমন ব্যাটিং চিন্তার কারণ কি না—এই প্রশ্নের উত্তরে নাজমুল হোসেন বলেন, “অবশ্যই চিন্তার কারণ। এভাবে ব্যাটিং করলে মনে হয় না সেটা দলের জন্য ভালো কোনো দিক। আমরা শুরুটাও পাচ্ছি না, শেষে ব্যাটসম্যানেরাও শেষ করতে পারছে না। তাই অবশ্যই চিন্তার কারণ। কিন্তু এখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে এবং কীভাবে বের হতে হবে, সেটা নিয়ে অনেক পরিকল্পনা সব সময়ই হয়। কিন্তু এই ভুল বারবারই হচ্ছে। যেটা আমি বলতে পারি, পরের রাউন্ডে এই ভুলগুলো যত কম করা যায়।”

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ২১ জুন ভোর সাড়ে ৬টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২২ জুন রাত সাড়ে আটটায় দ্বিতীয় প্রতিপক্ষ ভারত। ২৫ জুন ভোর সাড়ে ৬টায় সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।