শান্ত: পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর সেমিফাইনালের জন্য খেলেনি বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে হারের মধ্যে দিয়ে শেষ হলো বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রা। বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ারও। সেমিতে যেতে আফগানিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো নাজমুল হোসেন শান্তদের।

আফগানিস্তানের ইনিংস শেষ হওয়ার পর মনে হয়েছিল লক্ষ্যটা পেরোনো সম্ভব। তখন সেমিফাইনালে যাওয়ার পরিকল্পনা করেই ব্যাটিংয়ে নামেন লিটন দাস-তানজিদ হাসানরা। কিন্তু পাওয়ার প্লেতে ৬ ওভারে ৩ উইকেট হারানোর পর সেই পরিকল্পনা থেকে সরে আসে বাংলাদেশ।

মঙ্গলবার (২৫ জুন) সেন্ট ভিনসেন্টে সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হারার পর সংবাদ সম্মেলনে এসে এমনটা জানান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনি বলেন, “পরিকল্পনাটা প্রথমে এমন ছিল যে, আমরা প্রথম ৬ ওভার চেষ্টা করব। যদি শুরুটা আমরা ভালো করতে পারি, উইকেট যদি দ্রুত না পড়ে, তাহলে আমরা সুযোগটা নেব। কিন্তু পাওয়ার প্লেতে যখন আমাদের দ্রুত ৩ উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল- যেন আমরা ম্যাচটা জিততে পারি।”

সংবাদ সন্মেলনে ব্যাটসম্যানদের দায় দিয়ে তিনি বলেন, “আমাদের বোলিং খুব ভালো হয়েছে। এমন বোলিংয়ের পর আমাদের জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিংয়ে অনেক বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেছি আমরা।”

সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন শান্ত বলেন, “বিশ্বকাপের পুরো যাত্রা সম্পর্কে বলব, আমরা দল হিসেবে বাংলাদেশের সব সমর্থককে হতাশ করেছি। যারা আমাদের খেলা অনুসরণ করেন, তাদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাইছি (টিমের পক্ষ থেকে এপোলোজাইজ)।”