ডেনমার্ককে বিদায় করে শেষ আটে স্বাগতিক জার্মানি

ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে ইউরো শেষ ষোলোয় ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে জার্মানি। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। শেষ ষোলোয় স্পেন-জর্জিয়া ম্যাচে জয়ী দল কেয়ারটার ফাইনালে জার্মানির মুখোমুখি হবে।

বড় টুর্নামেন্টে এ নিয়ে টানা আট ম্যাচ জিততে ব্যর্থ হলো ডেনমার্ক। এবার ইউরোয় কোনো ম্যাচ না জিতেই বাড়ি ফিরতে হলো ডেনিশদের।

৫৫%-এর বেশি সময় পজিশন রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে নয়টি লক্ষ্যে রাখে জার্মানি। ডেনিশদের ১১ শটের দুইটি ছিল লক্ষ্যে। তাদের আরও কিছু আক্রমণ জার্মান রক্ষণে ভেস্তে যায়। আর ঘর সামলানোয় অসাধারণ অবদান রেখে ম্যাচসেরা হন জার্মান ডিফেন্ডার আন্টোনিও রুডিগার।

অপেক্ষাকৃত কম শক্তির ডেনমার্কের বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে জার্মানির। ম্যাচে ড্যানিশরাই আগে গোল করেছিল, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। হেরে গেলেও জার্মানদের চোখে চোখ রেখে লড়াই করেছে ডেনমার্ক।

চতুর্থ মিনিটেই দারুণ এক গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মেতেছিল জার্মানি। নিকো শ্লটারবেক কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জাল কাঁপান। কিন্তু রেফারি জার্মানদের উৎসবে বাগড়া দেন। ভিএআর চেক না করেও গোল বাতিল করেন তিনি। শ্লটারবেক অফসাইডে ছিলেন না। কিন্তু গোল বিল্ডআপের সময় জশুয়া কিমিখ ফাউল করেন শ্লটারবেকের মার্কার ডেনমার্কের আন্দ্রেস স্কোভকে।

১১ মিনিটে কাই হ্যাভার্জ প্রথমবার শট নেন, দক্ষতার সঙ্গে তা মাঠের বাইরে পাঠান ডেনিস গোলকিপার শুমেইখেল। কর্নার থেকে ক্রুসের শটে আন্দ্রিখ বলে সংযোগ করলেও সরাসরি ডেনমার্ক কিপারের হাতে চলে যায়। ২১ মিনিটে গোলের চেষ্টা করা এরিকসেনকে সামনাসামনি রুখে দিয়ে ডেনমার্ককে হতাশ করেন রুডিগার।

ম্যাচের বয়স যখন ৩৫ মিনিট, তখন বজ্রপাতসহ প্রচণ্ড বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মাঠে খেলা ফিরে ২০ মিনিট পর। ফিরেই হ্যাভার্জের হেড ঠেকিয়ে ডেনমার্ককে রক্ষা করেন শুমেইখেল।

৫০ মিনিটে ভিএআরে কপাল খোলে জার্মানির। রাউমের ক্রসে বক্সের মধ্যে অ্যান্ডারসনের হ্যান্ডবল ধরা পড়ে। রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। দলকে এগিয়ে দিতে ভুল করেননি কাই হাভার্টজ। ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জামাল মুসিয়ালা। ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের এবারের ইউরোতে এটি তৃতীয় গোল।

জার্মানদের দ্বিতীয় গোলের পর আর ম্যাচে ফেরার স্পৃহা দেখাতে পারেনি ডেনমার্ক। আর তাতে ড্যানিশদের বিদায় ঘন্টাও নিশ্চিত হয়ে যায়।