বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে চলছে নানা আলোচনা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পোশাককর্মী রুবেল নিহতের ঘটনায় তার বাবা ঢাকার আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন। যেখানে আসামির তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।
বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, বিশ্বসেরা অলরাউন্ডারের বিরুদ্ধে এমন মামলা অপ্রত্যাশিত।
সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে শান্ত লিখেছেন, “সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি, সকল আঁধার কেটে, নতুন আলো আসবে!”
উল্লেখ্য, গার্মেন্টসকর্মী রুবেল নিহত হওয়ার দিন অভিযুক্ত সাকিব তখন কানাডায় খেলছিলেন। দেশেও ছিলেন না লম্বা সময়। এই মামলায় ১৪৭ আসামির তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যও রয়েছেন। এফআইআরে সাকিবকে আসামির তালিকায় রাখা হয়েছে ২৮ নম্বরে। এরপর তাকে পাকিস্তান সফরের দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতেও পাঠানো হয়েছে আইনি নোটিশ।
এদিকে, মামলার চাপ মাথায় নিয়েই সাকিব দুই ইনিংসে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।