সাকিবের মামলা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন শান্ত

পাকিস্তান সিরিজে খেলার সময় ঢাকায় সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

এদিকে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটিকে ‘মিথ্যা মামলা’ বলে অভিহিত করেছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার। এই তালিকায় আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে যখন দেখা হবে, তখন সুযোগ হলে সাকিবের মামলার প্রসঙ্গে কথা বলতে চান তিনি। দলের সবাই সাকিবের পাশে আছে বলেও জানিয়েছেন এ অধিনায়ক।”

তিনি আরও বলেন, “সাকিব ভাইয়ের বিষয়টি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।”

ইল্লেখ্য, গত ৫ অগাস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম।