ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে এপ্রিলে এভারটনের বিরুদ্ধে তাদেরেই মাঠে ২-০ গোলে হেরেছিল নটিংহাম ফরেস্ট। এই মৌসুমে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে বেশ হিমশিম খেতে হয়েছে টানা দুইবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। তবে সেই ম্যাচে তিনটি পেনাল্টির দাবি তুললেও কোনোটিই রেফারির কাছ থেকে পাননি ফরেস্ট খেলোয়াড়রা। ফলে খেলা শেষে “এক্স” হ্যান্ডলে প্রতিবাদী পোস্ট দেওয়ার মাধ্যমে ভিএআর অফিশিয়াল স্টুয়ার্ট অ্যাটওয়েলের কড়া সমালোচনা করেছিল ফরেস্ট। তারই পরিপ্রেক্ষিতে একটি স্বাধীন তদন্ত কমিশন তদন্তে নটিংহাম ফরেস্টকে দোষী প্রমাণিত হওয়ায় গতকাল ক্লাবটিকে সাড়ে ৭ লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১১ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করে ইংল্যান্ডের ফুটবল এসোসিয়েশন (এফএ)।
নিজেদের অফিশিয়াল “এক্স” হ্যান্ডলে করা পোস্টে ফরেস্ট লেখে, “খুব বাজে তিনটি সিদ্ধান্ত ছিল, তিনটি পেনাল্টি দেওয়া হয়নি আমাদের যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ম্যাচের আগেই আমরা পিজিএমওএলকে সতর্ক করে বলেছিলাম যে ভিএআর লুটনের ভক্ত। কিন্তু তারা তাকে পাল্টায়নি। অনেকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। নটিংহাম ফরেস্ট এখন নিজেদের পথ বেছে করে নেবে।”
জরিমানার পরিপ্রেক্ষিতে ফরেস্ট তাদের বিবৃতিতে বলে, “২১ এপ্রিল রবিবার এভারটনের বিপক্ষে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের মন্তব্যের রেগুলেটরি কমিশনের চাপিয়ে দেওয়া সাড়ে ৭ লাখ পাউন্ড জরিমানার সিদ্ধান্ত ভীষণ হতাশ হয়েছে নটিংহাম ফরেস্ট ফুটবল ক্লাব। আমরা এফএ-কে নিয়ে বেশি চিন্তিত। কারণ, তারা জমা দেওয়া প্রতিবেদনে ‘১০ লাখ পাউন্ডের বেশি’ জরিমানার শাস্তি দিতে চেয়েছে। আমরা মনে করি, এই অনুরোধ ও জরিমানা পুরোটাই অসামঞ্জস্যপূর্ণ এবং ক্লাব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।”