তৃতীয় ডাকে বরিশালে শান্ত, আবারও সিলেটে মাশরাফি

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১১তম আসরের প্লেয়ার ড্রাফট। এবারের আসরে সর্বমোট ৭টি দল নিয়ে মাঠে গড়াবে। এরই মাঝে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড়কে দলে ভেড়ানো শুরু করেছে।

প্লেয়ার্স ড্রাফটে শীর্ষ ক্যাটাগরি থেকে তৃতীয় ডাকে দল পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন করে খেলোয়াড় ডেকেছে। এর মধ্যে ১৪ জন খেলোয়াড় দল পেলেও অবিক্রিত রয়ে গিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন। অবশেষে তাকে নিজেদের তৃতীয় ডাকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। অপরদিকে মাশরাফি বিন মুর্তজাকে ক্যাটাগরি “বি” থেকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। গতবছরের ন্যায় এবারও সিলেটের হয়ে খেলবেন তিনি। তবে ক্যাটাগরিতে সিলেক্ট করার ক্ষেত্রে মাশরাফিকে বি-তে রাখা নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। বি ক্যাটাগরির ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

উল্লেখ্য, সাতটি দলের অংশগ্রহণে আগামী ২৭ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের ১১তম আসরের। যেখানে ৭টি দলের ৪টি পুরনো ও বাকি ৩টি দলের মালিকানায় পরিবর্তন এসেছে। এবারের আসরে ফ্রাঞ্চাইজি গুলো স্থানীয় ১৮৮ জন ও বিদেশি ৪৩৪ জন খেলোয়াড় থেকে দলভারি করবে।