রাফিনিয়া: মেসি নয়, নেইমারকেই মনে করিয়ে দেন ইয়ামাল

কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো এ মৌসুমের প্রথম এল ক্লাসিকো। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আর সেখানেই নিজের কারিশমা দেখালেন তরুণ লামিন ইয়ামাল। শেষ মুহূর্তে গোল করার মধ্য দিয়ে ইতিহাসের সর্ব কনিষ্ঠ গোল স্কোরার হিসেবে এল ক্লাসিকোতে গোল করার কৃতিত্ব অর্জন করেন তিনি। সর্বশেষ ব্যালন ডি’অর ঘোষণার দিন হয়েছেন সেরা তরুণ খেলোয়াড়।

রেকর্ড যেন পিছুই ছাড়ছে না ইয়ামালের। ১৭ বছর বয়সেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন। বার্সেলোনার জার্সি হোক বা স্পেনের, সর্বক্ষেত্রেই ইয়ামাল অপ্রতিরোধ্য। খেলা চলাকালীন তার পায়ে বল মানে ড্রিবলিং, শ্যুটিং, ফিনিশিং এর দারুণ এক ঝলক। কিছুদিন আগেই ইউরোতে শিরোপা জয়ে অনেক বড় অবদান তার।

এ মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচে গোল করেছেন ৬টি ও অ্যাসিস্ট ৭টি। অনেকেই তার খেলা দেখে তুলনা করেন বার্সেলোনারই আরেক কিংবদন্তি সাবেক উইঙ্গার লিওনেল মেসির সঙ্গে। আবার ইয়ামালের বাবা মনে করেন ইয়ামালের খেলার ধরণ ম্যারাডোনার মতো। তবে তার সর্তীর্থ বলছে অন্য কথা। তরুণ এই উইঙ্গারের মাঝে নেইমারের ছাপ খুঁজে পাচ্ছেন তারই সতীর্থ রাফিনিয়া।

 প্রসঙ্গে সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফিনিয়া বলেন, ‘‘লামিন ইয়ামাল আমাকে মেসির চেয়ে নেইমারের কথাই বেশি মনে করিয়ে দেয়। যেভাবে সে ড্রিবল করে সেই স্টাইলটা।’’