সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো এর্নান্দেসের (রদ্রি) হাতেই ওঠে এবারের ব্যালন ডি’অর। শুরু থেকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত এই পুরস্কারটি রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াসের হাতে উঠছে বলে জোর গুঞ্জন থাকলেও অবশেষে রদ্রিই জিতেন এটি। ভিনি যে এবারের ব্যালন ডি’অর পাচ্ছে না তা গণমাধ্যমগুলোতে আগেই প্রকাশ হওয়ায় রিয়াল মাদ্রিদ এ অনুষ্ঠান বয়কট করেন। ব্যালন ডি’অর প্রকাশের প্রায় দুই সপ্তাহ পর পুরস্কারের আয়োজক “ফ্রান্স ফুটবল” ২০২৪ ব্যালন ডি’অর পুরস্কারের ভোট গণনার বিস্তারিত প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রদ্রির কাছে মাত্র ৪১ পয়েন্টে হেরেছেন ভিনিসিয়াস।
রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়াস পেয়েছেন ১১২৯ পয়েন্ট। স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি পেয়েছেন ১১৭০ পয়েন্ট।
গত মৌসুমে রিয়ালের হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতেন ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি। রদ্রি সিটির হয়ে প্রিমিয়ার লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি স্পেনের হয়ে জিতেছেন ইউরোও। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ও হন রদ্রি।
ছেলেদের ব্যক্তিগত সেরার পুরস্কারে বিজয়ী বেছে নিতে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ ১০০ দেশের সাংবাদিকদের মাঝে ৯৯ জন (সিরিয়া ভোট দেয়নি) মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা থেকে পছন্দের শীর্ষ ১০ খেলোয়াড় বেছে নিয়েছেন। এই শীর্ষ ১০ জনের তালিকায় সবার ওপরে থাকা খেলোয়াড় পেয়েছেন ১৫ পয়েন্ট, দ্বিতীয় ১২ পয়েন্ট ও ১০ পয়েন্ট পেয়েছেন তৃতীয় খেলোয়াড়। ক্রম অনুযায়ী চতুর্থ থেকে দশম স্থানের খেলোয়াড়েরা পেয়েছেন যথাক্রমে ৮, ৭, ৫, ৪, ৩, ২ ও ১ পয়েন্ট। অর্থাৎ মোট পয়েন্টসংখ্যা দাঁড়ালো ৬,৬৩৩।
এর আগে গত ২৮ অক্টোবর ঘোষণা করা হয় এবারের ব্যালন ডি’অর জয়ের নাম। সে দৌড়ে ভিনি ও রদ্রি এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত সেরার পুরস্কারটি উঠেছে স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে। আর এতেই ক্ষিপ্ত ব্রাজিলিয়ানরা ও রিয়াল মাদ্রিদ ফ্যানরা। তাদের ধারণা ছিল এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়াসেরই প্রাপ্য। তবে নাম ঘোষণা করার আগেই কে এবারের ব্যালন ডি’অর জয়ী হবে তার নাম ফাঁস হয়ে যায়। সেখানে ভিনি এবারের সেরার পুরস্কার না পাওয়ায় সতীর্থের সম্মানে অনুষ্ঠান যোগ করেনি রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা।