আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের পর দীর্ঘ সময় পার করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ পেরিয়েও এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন এই তারকা। ইউরোপ ছেড়ে এখন নিজের ঘাম ঝড়াচ্ছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। তবে ক্লাবটির সঙ্গে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। গুঞ্জন রয়েছে, নেইমারের অভাব পূরণ করতে আল হিলালে যোগ দিতে পারেন তিনি।
চুক্তির মেয়াদ যখন শেষ পর্যায়ে তখনই সামনে এলো তার ম্যানইউতে ফেরার খবর। কোচের পছন্দের তালিকায় না থাকায় ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয় রোনালদোকে। তবে বর্তমানে সেই কোচের স্থলাভিষিক্ত হয়েছেন পর্তুগালের রুবেন আমোরিম।
পর্তুগালের এই দুই তারকা একসময় একসঙ্গে পর্তুগালের জার্সিতে খেলেছেন। বন্ধুর অধীনে রোনালদো কী মৌসুম শেষে ম্যানইউ’তে ফিরবেন- এমন প্রশ্নে রোনালদোর সাবেক ম্যানইউ সতীর্থ লুইস সাহা বলেছেন, সুযোগ হলে রোনালদো অবশ্যই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে চাইবেন।
লুইস বলেন, ‘‘আমি বিশ্বাস করি, এমন সুযোগ আসলে রোনালদো ফিরতে পছন্দ করবে। তাকে খুব বাজেভাবে ক্লাব ছাড়তে হয়েছিল, যেটা একদমই ঠিক হয়নি। আমোরিমের সঙ্গে রোনালদোর বন্ধুত্ব আছে। অবশ্য বন্ধুত্বের খাতিরে রোনালদোকে দলে ডাকবেন না কোচ। যদি মনে হয় রোনালদো সাহায্য করতে পারবে তবেই ডাকবেন। সুযোগ থাকলে রোনালদো নিশ্চয় ফিরবে।”
তবে ৩৯ পেরোনোর পর আর কতদিন খেলা চালিয়ে যাবেন সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি রোনালদো। কিছুদিন আগেই ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করা এই ফুটবলার বলেছিলেন যে ১০০০ গোল অনেক দূরে মনে হচ্ছে তার।