স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া মারা গেছেন

প্রায় এক যুগ ধরে অনেকটা অন্তরালে ছিলেন স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া সুলতানা। এবার পাড়ি জমালেন পরপারে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন সাদিয়া।

সাদিয়া সুলতানার বাবা আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সবার অলক্ষ্যে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাদিয়ার শ্যুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন স্বর্ণ। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে স্বর্ণ জেতেন। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শ্যুটিংয়ের বাইরে রয়েছেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।