ফুটবলে সর্বকালের সেরা- এই প্রশ্নকে ঘিরে দুই ভাগ হতে দেখা যায় বিশ্বকে। কারও চোখে মেসি সেরা, আবার অনেকেই এক্ষেত্রে রোনালদোকে এগিয়ে রাখে। মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সমর্থক থেকে শুরু করে কোচ-খেলোয়াড়দেরও বিভক্ত হতে দেখা যায়। রেকর্ড ও অর্জনে এই দুই খেলোয়াড় এতোটাই ওপরে চলে গেছেন যে তাদের ধারেকাছেও কেউ নেই।
এবার পর্তুগিজ মহাতারকা রোনালদো স্বয়ং নিজেই এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কে সেরা- এমন প্রশ্নে জবাবে উল্টো নিজেই পাল্টা প্রশ্ন করে বসেন- “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?”
অবশ্য মেসিকে নিয়ে রোনালদোর এমন মন্তব্য পুরোটাই ছিল হাস্যরসের মধ্যে।
কিছুদিন আগেই নিজের ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানান আরেক ইউটিউবার মি. বিস্টকে। মি. বিস্ট বর্তমান সময়ের সবচেয়ে বেশি সাবস্ত্রাইব পাওয়া ইউটিউবার। তারা যৌথভাবে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় আল নাসরের জার্সিতে ফুটবল নিয়ে খেলা করছেন তারা। সোমবার এরকমই একটি ভিডিও প্রকাশ করে এই আল-নাসর তারকা।
ভিডিওতে দেখা যায়, মার্কিন এই ইউটিউবারের সঙ্গে পেনাল্টি শট নেওয়ার প্রতিযোগিতা করছেন রোনালদো। একপর্যায়ে রোনালদোর শট ঠেকাতে মি. বিস্টসহ তিনজনকে গোলপোস্টে দাড়াতে দেখা যায়। তবে এতেও গোল করে ফেলেন এই পর্তুগিজ মহাতারকা। ভিডিওটির ক্যাপশনে দেওয়া হয়, “রোনালদোকে থামাতে কতজন গোলরক্ষক প্রয়োজন”।
ভিডিওতে মিস্টার বিস্টকে বলতে শোনা যায়, “নোলান বলেছে সে তোমাকে পছন্দ করে নাা। সে মনে করে তুমি গট (গ্রেটেস্ট অব অল টাইম) না। সে মনে করে মেসিই সেরা।”
এই কথার প্রতিক্রিয়ায় রোনালদোকে বলতে শোনা যায়, “কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?” এরপরই অট্ট হাসিতে মেতে ওঠেন তারা। ভিডিওর শেষ দিকে মি. বিস্টকে “সিউ” উদযাপন করা শেখান রোনালদো।