লেস্টার ছেড়ে শেফিল্ডে যাচ্ছেন বাংলাদেশের হামজা

শীতকালীন দলবদলের বাজারে নতুন ঠিকানায় যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ড ও রাইট ব্যাকে হামজাকে দলে নিতে আগ্রহী চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।

সংবাদমাধ্যম দাবি করেছে, আগামী সপ্তাহের মধ্যে লেস্টার সিটি থেকে শেফিল্ডে হামজার ধারে খেলার চুক্তি সম্পন্ন হতে পারে। লেস্টারের নতুন ডাচ কোচ ফন নেস্তেলরয় জানুয়ারির দলবদলে নতুন রাইট ব্যাক নিতে চান। ক্লাবের ওপর থেকে বাড়তি বেতনের চাপ কমাতে ধারের শর্তে লেস্টার ছাড়তে চান হামজা। দুই পক্ষের মধ্যে চুক্তিটা প্রায় পাকা হয়েই গিয়েছে। এখন কেবল দেখার বিষয়, সত্যিই কি ধারে যাচ্ছেন হামজা, নাকি পুরোপুরিই নিজের শৈশবের ক্লাব ছাড়ছেন তিনি।

অবশ্য ক্লাব বদল হলেও ইংলিশ ফুটবলকে বিদায় জানাচ্ছেন না হামজা চৌধুরী। গুঞ্জন ছিল শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে। ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের লিগ চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন হামজা। বেশ কিছুদিন ধরেই দ্য ব্লেডসদের নজরে ছিলেন হামজা চৌধুরী। এই চুক্তির জন্য বেশ মুখিয়েই ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের শিকার হওয়া দলটা।

দলবদলের ব্যাপারে আরও বেশি নিশ্চিত হওয়া গেল চলতি সপ্তাহের এফএ কাপের ম্যাচে। পুঁচকে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে একমিনিটও মাঠে নামেননি হামজা। পুরোটা সময় পার করেছেন সাইডবেঞ্চে বসে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহেই শেফিল্ডের হয়ে চুক্তিটা সেরে নেবে লেস্টার সিটি। সে কারণেই ম্যাচ খেলিয়ে বাংলাদেশি তারকার ওপর ঝুঁকি নিতে চায়নি তারা। ম্যাচটা অবশ্য লেস্টার জিতেছে ৬-২ গোলের বিশাল ব্যবধানে।

গত মৌসুমেই প্রিমিয়ার লিগ থেকে অবনমনে যায় শেফিল্ড। অবনমনের পর বর্তমানে তারা আছে প্রথম বিভাগের ফুটবলে। সেখানে অবশ্য বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের অবস্থান বর্তমানে তিনে।

ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী, প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা চারদল অংশ নেয় প্রিমিয়ার লিগ কোয়ালিফিকেশনে। শেফিল্ড আপাতত আছে সেই স্থানে। যেখানে তাদের সঙ্গে অবস্থান করছে সান্দারল্যান্ড, মিডলসব্রো, ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন। আর এই লিগে শীর্ষে আছে লিডস ইউনাইটেড।

লেস্টারে অবশ্য পর্যাপ্ত ম্যাচ খেলারই সুযোগ পাচ্ছেন না হামজা চৌধুরী। দলবদলের পর শেফিল্ডের জার্সিতে অন্তত নিয়মিত মাঠে নামতে পারবেন তিনি। সেদিক বিবেচনায় প্রিমিয়ার লিগ ছাড়লেও খুব একটা আক্ষেপ পোড়াবে না হামজা চৌধুরীর ভক্তদের।

হামজা চৌধুরী ২০১৫-১৬ মৌসুম থেকে লেস্টার সিটির সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন এন্ড হোব আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান। ২০১৯-২০ মৌসুমে দারুণ ছন্দে ছিলেন তিনি। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে লেস্টার তাকে ২২ ম্যাচে সুযোগ দেয়।

তবে ২০২১-২২ মৌসুমে পড়তি ফর্মের কারণে ১২ ম্যাচ খেলে ওয়ার্টফোর্ডে ধারে যোগ দেন। ২০২৩-২৪ মৌসুমে লেস্টার অবনমনে ছিল। ওই মৌসুমে ৪১ ম্যাচ খেলেন হামজা। লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরাতে বড় ভূমিকা ছিল তার। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব ২১ দলের হয়ে ৭ ম্যাচ খেলেছেন।