বিপিএলের ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শিরোপা জয়ের এই লড়াইয়ে বরিশাল মাঠে নামবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। অপরদিকে, চিটাগং নামবে প্রথম শিরোপার লক্ষ্যে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ফাইনালে ব্যবধান গড়ে দিয়ে ট্রফি নিজেদের করে নেওয়ার এই লড়াইয়ে দুই দলের কয়েক জন খেলোয়াড়ের ওপর থাকবে বাড়তি নজর। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে তাদেরকে দেখে নেওয়া যাক।
তামিম ইকবাল
এবারের আসরে বরিশালের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক তামিম ইকবাল। ১৩ ম্যাচে ৩ হাফসেঞ্চুরি ও ১২৩.৩৬ স্ট্রাইক রেটে তার রান ৩৫৯। চিটাগংয়ের বিপক্ষে খেলা আগের তিনটি ম্যাচে অবশ্য তার ব্যাট হাসেনি। লিগ পর্বে ৮ ও ০ রানে আউট হওয়ার পর প্রথম কোয়ালিফায়ারে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার করেন ২৯ রান।
জেমস নিশাম
ফাইনালের আগে বড় চমক দেখিয়েছে বরিশাল। দলে ভিড়িয়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশামকে। ব্যাটে যেমন বিধ্বংসী, বলে তেমন কার্যকরী এই কিউই তারকা। ফাইনালে জিমি হতে পারেন বরিশালের গেম চেঞ্জিং অস্ত্র।
ডেভিড মালান
ইংলিশ টপ অর্ডারে খেলা এই ব্যাটার ৮ ম্যাচ খেলে তিনটি হাফসেঞ্চুরির সাহায্যে করেছেন ৩১৫ রান। তার স্ট্রাইক রেট ১৫৭.৫০ আলাদাভাবে চোখে পড়ার মতো। বরিশালের হয়ে রান সংগ্রাহকদের তালিকায় তামিমের পরেই রয়েছে মালানের অবস্থান। চিটাগংয়ের বিপক্ষে লিগ পর্বে ৩৪ বলে ৬৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি।
কাইল মায়ার্স
ক্যারিবিয়ান অলরাউন্ডার মায়ার্সের ব্যাটে-বলে ভালো কেটেছে এবারের বিপিএল। ৬ ম্যাচে অতিমানবীয় ১৮১.১১ স্ট্রাইক রেটে করেছেন ১৬৩ রান। দুটি হাফসেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। পাশাপাশি নিয়েছেন ৫ উইকেটও। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না মিললেও আঁটসাঁট বোলিংয়ে ২৭ রানে খরচায় ২ উইকেট পেয়েছিলেন তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ
বরিশালের শক্তিশালী ব্যাটিং লাইনআপের কারণে চলতি আসরে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ক্রিজে যাওয়ার সুযোগ মিলেছে খুব কমই। ১৩ ম্যাচের ৭ ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন তিনি। ১৪৯.৬২ স্ট্রাইক রেটে রান করেছেন ১৯৯। দুটি হাফসেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। চিটাগংয়ের বিপক্ষে লিগ পর্বে ২৬ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
খালেদ আহমেদ
খালেদ আহমেদ ১৩ ম্যাচে ৮.৫৮ ইকোনমিতে ২০ উইকেট নিয়ে এবারের বিপিএলে চিটাগংয়ের সর্বোচ্চ উইকেট শিকারী। বরিশালের পক্ষে খেলা আগের তিন ম্যাচে ডানহাতি এই পেসার পেয়েছেন ৪ উইকেট। এই আসরে সবচেয়ে বেশি উইকেট দখলের কীর্তির হাতছানিও রয়েছে খালেদের সামনে। সেজন্য ফাইনালে করে দেখাতে হবে অসাধারণ কিছু। ২৫ উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ।
আলিস আল ইসলাম
আলিস ১৩ ম্যাচে ১৫ উইকেট নিয়ে চিটাগংয়ের উইকেটশিকারিদের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন। ডানহাতি এই স্পিনারের ইকোনমি ৬.৩২। দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলের নাটকীয়তায় চিটাগংকে জিতিয়ে ফাইনালে উঠিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই ডানহাতি স্পিনার। খুলনা টাইগার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রানে ১ উইকেট নেওয়ার পর ৭ বলে ১৭ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন।
খাওয়াজা নাফায়ে
পাকিস্তানি এই ওপেনার নাফায়ে ৪ ম্যাচে ১৩৯.১৭ স্ট্রাইক রেটে করেছেন ১৩৫ রান। ছন্দে থাকা এই ব্যাটার দুটি হাফসেঞ্চুরি রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে ৪৬ বলে ৫৭ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে।
শামীম হোসেন পাটোয়ারী
বিপিএলের এবারের আসরের শীর্ষ ১০ রান সংগ্রাহকের মধ্যে শামীমের স্ট্রাইক রেটই সেরা। ১৪ ম্যাচে ১৫৯.৮১ স্ট্রাইক রেটে তার রান ৩৫০। দুটি হাফসেঞ্চুরি করেছেন তিনি। বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৪৭ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। এর আগে লিগ পর্বেও একই প্রতিপক্ষের বিপরীতে তিনি করেছিলেন ১২ বলে অপরাজিত ৩০ রান।