দুর্বার রাজশাহীর জয়ের মধ্য দিয়েই পর্দা নেমেছে বিপিএলের ১১তম আসরের। এবারের টুর্নামেন্টে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকার বিষয়টি বেশ আলোচিত ছিল। তাই এই সংকট নিরসনে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকসহ তাদের যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং বিপিএলে যোগ দেওয়া থেকে শুরু করে নির্বিঘ্নে ফিরতি বিমানে ওঠা পর্যন্ত সবকিছুই দেখভালের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিসিবি এক বিবৃতিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লজিস্টিক সাপোর্ট, ফ্র্যাঞ্চাইজিগুলোর অর্থনৈতিক প্রটোকল, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা এবং অর্থ প্রদান প্রক্রিয়া থেকে শুরু করে সব ব্যাপারেই দেখভাল করবে বিসিবি। বিপিএল ড্রাফট থেকে স্বাক্ষরিত সকল আন্তর্জাতিক খেলোয়াড়ের চুক্তি এবং ম্যাচ ফি’র দায়িত্ব বিসিবি গ্রহণ করবে এবং এটি যথাসময়ে-স্বচ্ছতার সঙ্গে প্রদানের বিষয়টিও নিশ্চিত করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, বিপিএল শেষে বিদেশি খেলোয়াড়দের নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার জন্য সমস্ত লজিস্টিকস ব্যবস্থা তদারকি করা হবে বোর্ডের পক্ষ থেকে। কেবল তাই নয়, খেলোয়াড়দের স্বার্থ রক্ষায় পারিশ্রমিক পরিশোধ প্রক্রিয়া সহজ করাসহ বিসিবি সকল আর্থিক প্রোটোকল নিশ্চিতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে ও স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারদের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দেওয়ার ব্যাপারে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’’