যে কারণে ১২ লাখ রুপি জরিমানা গুণতে হবে হার্দিক পান্ডিয়াকে

মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পর থেকে তেমন একটা সুবিধা করতে পারছেন না হার্দিক পান্ডিয়া। শুরু থেকেই বেশ সমালোচনায় রয়েছেন তিনি। এরই মধ্যে গত রাতে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুণতে হচ্ছে তাকে। যার পরিমাণ ১২ লাখ রুপি।

গত মৌসুমের শেষ ম্যাচে মন্থর ওভার রেটের কারণে এই আসরের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল পান্ডিয়াকে। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার পরেই ম্যাচেই আবার শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তাকে।

গত মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানস মোট ৩টি ম্যাচে মন্থর ওভার রেটে বোলিং করেছিল। যে কারণে বড় শাস্তি পেতে হয়েছিল পান্ডিয়াকে। এক ম্যাচ নিষেধাজ্ঞার সঙ্গে গুনতে হয়েছিল ৩০ লাখ রুপি জরিমানা। এবার অবশ্য মন্থর ওভার রেটের এই শাস্তির নিয়ম কিছুটা শিথিল করেছে বিসিসিআই। এখনকার নিয়ম অনুযায়ী, প্রতি ম্যাচে মন্থর ওভার রেটের কারণে একটি করে ডিমেরিট পয়েন্ট পাবেন অধিনায়করা।

গত আসরে তলানি থেকে শেষ করার পর পান্ডিয়ার নেতৃত্বে এই আসরে এখনও জয়ের মুখ দেখেনি মুম্বাই।