ব্যাটে তেমন রান নেই। গতকালও চেন্নাইয়ের বিপক্ষে আউট হলেন মাত্র ১ রানে। ৪ ম্যাচে তার সর্বোচ্চ ইনিংস ৩০। এমন সময়ে অস্ট্রেলিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে শাস্তি দিলো আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) কর্তৃপক্ষ।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ম্যাচ ফির ২৫% জরিমানা করা হয়েছে তাকে। দেওয়া হয়েছে ১ ডিমিরিট পয়েন্টও। যদিও কোন কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছে সে কারণ জানায়নি কর্তৃপক্ষ।
আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল আচরণবিধি ২.২ ধারার লেভেল-১ অপরাধ করেছেন এবং নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিজের ম্যাচ ফির ২৫% জরিমানা গুনেছেন এবং ১ ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ম্যাচ চলাকালে ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার বিধি ভঙ্গের অভিযোগে লেভেল-১ মাত্রার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ম্যাক্সওয়েল এই অভিযোগ মেনে নিয়েছেন এবং ম্যাচ রেফারির দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন। আইপিএলের আচরণবিধির লেভেল–১-এর অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।
স্পষ্টভাবে শাস্তির কারণ উল্লেখ না করায় ম্যাক্সওয়েলের শাস্তি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী, স্বাভাবিক ক্রিকেটের আচরণের বাইরের ঘটনাগুলোকে ২.২ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন স্টাম্পে আঘাত করা বা লাথি মারা এবং এমন যেকোনো কাজ যা ইচ্ছাকৃতভাবে, বেপরোয়া বা অবহেলাবশত (এমনকি যদি তা দুর্ঘটনাবশতও হয়) বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি ফেন্স, ড্রেসিংরুমের দরজা, আয়না, জানালা ও অন্যান্য ফিক্সচার ও ফিটিংসে ক্ষতি করে।