এবার হলিউডে ক্রিস্টিয়ানো রোনালদো

ক্যারিয়ারের প্রায় শেষ দিকে চলে এসেছেন। বয়স ৪০ ছাড়িয়েছে। তবে এখনও হাজার গোলের মাইলফলক স্পর্শের জন্য আপন গতিতে ছুটে যাচ্ছেন। এরইমধ্যে নতুন জগতে পা রাখলেন ফূটবলের অন্যতম মহাতারকা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। হলিউডের অ্যাকশন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টাইমসের।

আল-নাসরের হয়ে এখনও নিয়মিত গোল করা রোনালদোর মাঠের বাইরেও রয়েছে ব্যবসার আলাদা আরেকটি রাজ্য। সম্প্রতি চালু করেছেন “ইউর ক্রিশ্চিয়ানো” নামের একটি ইউটিউব চ্যানেল, যা ভিডিও প্রোডাকশনে তার প্রথম পদক্ষেপ। তার এই চ্যানেলে তিনি একাধিক তারকার ইন্টারভিউ নিয়েছেন।

এবার আরও বড় পদক্ষেপ নিয়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের সঙ্গে কাজ শুরু করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা। ভন এর আগে “লক”, “স্টক অ্যান্ড টু স্মোকিং বেরেলস”, “এক্স-ম্যান: ফার্স্ট ক্লাস” এবং “কিংসম্যান” সিরিজের মতো হিট সিনেমা পরিচালনা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে রোনালদো নিজেই এই তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, “এটি আমার জন্য এক রোমাঞ্চকর অধ্যায়, কারণ আমি ব্যবসায় নতুন ভেঞ্চারের দিকে এগিয়ে যাচ্ছি।”

আর ভন বলেন, “ক্রিস্টিয়ানো মাঠে এমন সব গল্প সৃষ্টি করেছেন যা আমি কখনও লিখতে পারতাম না। এখন আমরা একসঙ্গে অনুপ্রেরণামূলক চলচ্চিত্র বানাবো- সে নিজেই যেন বাস্তবের একজন সুপারহিরো।”

রোনালদো ও ভন- এই দুজন মিলে গঠন করেছেন ইউর-মার্ভ নামের একটি স্বতন্ত্র যৌথ প্রযোজনা চলচ্চিত্র স্টুডিও, যা উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ঐতিহ্যের সংমিশ্রণে তৈরি হবে। এটি খেলাধুলা এবং গল্প বলার দুনিয়ার এক অভাবনীয় মিশ্রণ হিসেবে দেখা হচ্ছে।

প্রাথমিকভাবে তারা দুটি অ্যাকশন সিনেমা ইতোমধ্যে প্রযোজনা ও অর্থায়ন করেছেন এবং তৃতীয় সিনেমার কাজ শিগগিরই শুরু হবে বলে জানান। যদিও এখনো কোনো মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে শিগগিরই নতুন আপডেট জানানো হবে।