লিভারপুলের সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করেছেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। নতুন এ চুক্তির সুবাদে ২০২৭ সাল পর্যন্ত লিভারপুলেই থাকছেন তিনি।
২০১৭ সালে রোমা থেকে অ্যানফিল্ডে পাড়ি দেওয়ার পর লিভারপুলের হয়ে ৩৯৪টি ম্যাচে ২৪৩টি গোল করেছেন সালাহ। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছেন তিনি।
অনেক জল্পনা-কল্পনার পরই লিভারপুলের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে সালাহ। তার এই সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ ছিল না। বেশ কিছু দিন ধরেই সৌদি ক্লাবগুলোর নজর ছিল তার ওপর। সৌদিতে গেলে কমপক্ষে ৮ হাজার কোটি টাকার মতো পেতেন তিনি। কিন্তু অবিশ্বাস্যভাবে এই প্রস্তাব ফিরিয়ে দেন সালাহ। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এই চুক্তির পর সালাহর বড় অঙ্কের দলবদলের সম্ভাবনা যেন একদম ক্ষীণ হয়ে গেল। কারণ ২০২৭ সালে তার বয়স হবে ৩৪। শেষ বয়সে তার জন্য হয়তো কোনো ক্লাব এতো অর্থ খরচ করতে চাইবে না।
নতুনভাবে লিভারপুলের সঙ্গে চুক্তি নিয়ে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে সালাহ বলেন, “অবশ্যই আমি খুবই খুশি। আমাদের এখন একটি দুর্দান্ত দল আছে। আগেও আমাদের দুর্দান্ত দল ছিল। কিন্তু আমি নতুন করে চুক্তিবদ্ধ হয়েছি কারণ আমার মনে হয় আমাদের আরও ট্রফি জয়ের সুযোগ আছে।”
তিনি আরও বলেন, “এটা দারুণ, আমার সেরা বছরগুলো এখানে কেটেছে। আমি এ পর্যন্ত এখানে আট বছর খেলেছি, আশা করি এটি দশ বছর হবে। এখানে আমার জীবন উপভোগ করছি, আমার ফুটবল উপভোগ করছি। আমার ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কেটেছে।”
সৌদি আরবের বদলে লিভারপুল থেকে যে সালাহ কম আয় করবেন, তা কিন্তু নয়। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী সালাহ আয় করবেন সপ্তাহে ৪ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকার মতো। এর আগে ক্লাবটি থেকে সালাহ পেতেন ৩ লাখ ৫০ হাজার ইউরো বা ৫ কোটি ৫০ লাখ টাকা।
তবে শেষ পর্যন্ত অর্থ নয়, ক্লাবের হয়ে আরও বেশি অর্জনের আকাঙ্ক্ষায় সালাহকে আরও দুই মৌসুমের জন্য রেখে দিয়েছে লিভারপুলে। এখন সেই লক্ষ্যে সালাহ সফল হন কি না, সেটাই যেন দেখার অপেক্ষা।
চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন সালাহ। প্রিমিয়ার লিগে এ পর্যন্ত ২৭টি গোল করার পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ গোল করেছেন তিনি।
৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে আছে তারা। লিগে এখনও সাত ম্যাচ বাকী আছে।
লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় বড় ট্রফি জিতেছেন এই মিশরীয় ফরোয়ার্ড।