ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের কারণে অনির্দিষ্টকালের জন্য এবারের আইপিএল স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এছাড়াও ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
এর আগে গতকাল বৃহস্পতিবার নিরাপত্তা শঙ্কা থাকায় ধর্মশালায় আইপিএলের একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরই জরুরি বৈঠক ডাকে বিসিসিআই। সেখান থেকেই এলো বড় সিদ্ধান্ত।
ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন সময়ে ভারত নিয়ন্ত্রিত জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিভিয়ে দেওয়া হয়। এছাড়াও মিসাইল হামলার কারণে এয়ার রেইড সতর্কতার ঘণ্টাও বাজানো হয়।
এরপরই আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছিল। বৃহস্পতিবার সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএল আপাতত স্থগিত করার।
গতকাল ম্যাচ বাতিল হওয়ার পর পিটিআইকে আইপিএলের সিইও অরুণ ধুমাল বলেছিলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে বিসিসিআইয়ের এক সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘আমরা অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়দের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ কারণে আমরা টুর্নামেন্টটি এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। টুর্নামেন্টটি পরে শুরু করা যাবে কি না, আর করলে সেটা কখন, এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নিবো। এ মুহূর্তে জাতীয় স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’