বাতিল হতে পারে বিরাট কোহলিদের বাংলাদেশ সফর, হবে না এশিয়া কাপও

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আটকে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর। এছাড়াও স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগস্ট-সেপ্টেম্বরে এই দুই সিরিজের সময়টিকে আইপিএলের বাকি অংশ শেষ করতে ব্যবহার করতে চায় বিসিসিআই।

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত ঘোষণা করা হয়েছে। একই কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।

এ মৌসুমে আইপিএলে বাকি আরও ১৫ ম্যাচ। তবে শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব-দিল্লি ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন।

মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে- এমন শঙ্কার মধ্যে বৃহস্পতিবার ধর্মশালায় আইপিএলের ম্যাচ খেলতে নামে পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস। ওই ম্যাচের মাঝপথে স্টেডিয়ামের ফ্লাডলাইট নিভিয়ে দেওয়া হয়।

যদিও পরে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে ম্যাচ বন্ধ ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আকস্মিকভবাবে খেলা বন্ধের পর স্তম্ভিত অবস্থার মধ্যে ছিলেন পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড়েরা। শুক্রবার ভোরে তারা ধর্মশালা ছেড়ে যান। এমন পরিস্থিতিতে আইপিএলের বাকি ১৬টি ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস।

টাইমস অব ইন্ডিয়া বলছে, আইপিএলের বাকি অংশ যদি বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগেও শেষ হয়, তবুও এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনা বেশি।