তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চলছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এই সমাবেশে অংশ নিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল।
সমাবেশে দেওয়া বক্তব্যে তামিম ইকবাল বলেন, “জাতীয় দলে অমুকের কারণে খেলতে পারিনি, তমুকের কারণে খেলতে পারিনি, এটা স্পোর্টসম্যানের কথা হতে পারে না। স্পোর্টসম্যানের কথা হবে, হয়ত আমার ভুল ছিল, এই কারণে জাতীয় দলে যেতে পারিনি।”
শনিবার (১০ মে) বিকেল ৩টার দিকে গরীর পলোগ্রাউন্ড মাঠে শুরু হয় এই সমাবেশ। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন।
সকাল থেকে কড়া রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের নেতাকর্মীরা জড়ো হন।
চট্টগ্রামের খেলাধুলা নিয়ে তামিম ইকবাল বলেন, “১৫-২০ বছর আগে চিটাগাং থেকে অনেকেই বাংলাদেশের স্পোর্টসকে রিপ্রেজেন্ট করত, আমরা আবারও ওই জায়গাটা ফিরে পাব। হেলাল ভাই, ইসরাফিল ভাই ও হুম্মাম ভাইয়ের সঙ্গে চিটাগংয়ের স্পোর্টস নিয়ে কথা হয়, কীভাবে স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আই এম শিউর, ওনারা যখন সুযোগ পাবেন তখন বেস্ট ট্রাই করবেন।”
তিনি বলেন, “আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম, একটা অঘটন হয়েছিল, মাত্র রিকভার করছি। আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবেন।”
শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া এ মহাসমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।