Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

দলের সাফল্যের কৃতিত্ব খেলোয়াড় ও কোচদেরই: তামিম ইকবাল

তিনি দায়িত্ব গ্রহণের পর নিউজিল্যান্ডের ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় পেয়েছে টাইগাররা

আপডেট : ২১ মে ২০২৬, ০৮:৩৪ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তনের ছাপ দেখা যাচ্ছে। তামিম ইকবালের নেতৃত্বে বিসিবি দায়িত্ব গ্রহণের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতেছে বাংলাদেশ। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ও পেয়েছে টাইগাররা।

তবে এসব সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৃহস্পতিবার (২১ মে) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে জানান, দলের সাফল্যের পুরো কৃতিত্ব খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের।

তামিম বলেন, “টিম ম্যানেজমেন্ট অসাধারণ কাজ করছে। এখানে আমার কোনো অবদান নেই। দল নিয়ে আমি কোনো ইনপুট দিই না, এমনকি এসব নিয়ে মাথাও ঘামাই না। মাঠের সঙ্গে যারা সরাসরি জড়িত কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং ক্রিকেট অপারেশন্সের কর্মকর্তারাই এই সাফল্যের প্রকৃত দাবিদার।”

বাংলাদেশ জাতীয় দল নিয়ে নিজের ব্যক্তিগত মতামতও প্রকাশ করেন না বলে জানান তামিম। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না। আমার দায়িত্ব আলাদা এবং সেই দায়িত্বগুলোকেই আমি বেশি গুরুত্ব দিই।”

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিসিবির নির্বাচন। বিষয়টি নিয়ে কোনো জটিলতা দেখছেন না তামিম।

তার ভাষ্য, “অস্ট্রেলিয়া আমাদের অতিথি। তারা তাদের কাজ করবে, নির্বাচনও স্বাভাবিক নিয়মে হবে। আমার মনে হয় না এতে কোনো সমস্যা হবে।”

   

About

Popular Links

x