৩ উইকেট নিয়ে আইফোন পুরস্কার পেলেন রিশাদ

দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রিশাদ হোসান। আর রাতেই পুরস্কার হিসেবে পেয়ে গেলেন আইফোন।

লাহোর ফ্রাঞ্জাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে। পুরস্কার দেওয়া হবে মোট চারটি। আর ইতোমধ্যে ৩টি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন- লাহোর কালান্দার্সের পরিচালক সামিন রানা ড্রেসিংরুমে থাকা ক্রিকেটারদের দিকে এই প্রশ্ন ছুড়ে দেন। এর খানিকক্ষণ পর হুট করে একটা নাম শোনা গেল- রিশাদ। শেষ পর্যন্ত রিশাদিই পেয়ে গেলেই সেই আইফোন।

গতকাল শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। আউট করেছেন টপ ব্যাটসম্যান শাদাব খান, জিমি নিশাম ও সালমান আগাকে। এলিমিনেটরে দলে না থাকলেও কোয়ালিফায়ারে দলে ভেড়ানো হয় তাকে।

রিশাদকে দলে ভেড়ানো প্রসঙ্গে সামিনা রানা জানান, পাকিস্তান পেসার জামান খানের জায়গায় রিশাদকে খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল। এরপর রিশাদের বোলিংয়ের প্রশংসাও করেন তিনি।

পিএসএলে রিশাদ এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। উইকেট নিয়েছেন ১২টি। ওভারপ্রতি গড়ে রান খরচ করেছেন ৯.১০।

এদিন আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জাও। ১৬ রানে ৩ উইকেট নেওয়া এই পেসার এর আগেও একবার আইফোন জিতেছিলেন। আর বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশাল পেরেরা ও মোহাম্মদ নাঈম।