গতবছরের আগস্টে দেশের রাজনৈনিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রিকেটঅঙ্গনেও। নাজমুল হাসান পাপনের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারে বসেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব গ্রহণের নয় মাস যেতেই গুঞ্জন উঠেছে ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে।
জানা গেছে, বুধবার (২৮ মে) রাতে রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করেছেন ফারুক। এরপরই ফারুকের পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া লেগেছে।
সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন যে বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন তারা।
এদিকে, ফারুকের পদত্যাগের মধ্যেই গুঞ্জন উঠেছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল বিসিবিতে দায়িত্ব নিতে যাচ্ছেন।
তবে সেটি সভাপতি পদ কি-না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সভাপতি হতে হলে অবশ্য বুলবুলকে বেশকিছু ধাপ পার হতে হবে। প্রাথমিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হতে হবে বুলবুলকে। কাউন্সিলর হওয়ার পর আবার পরিচালক মনোনীত হবে। এরপর পরিচালকদের মধ্যে থেকে সভাপতি নির্বাচিত হবে।
এদিকে, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেকোনো দায়িত্ব নিতে প্রস্তুত বলে জানিয়েছেন। তবে বোর্ড থেকে তাকে বোর্ড সভাপতির দায়িত্ব নিতে বলা হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে বুলবুল সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, নির্দিষ্টভাবে বোর্ড সভাপতির দায়িত্ব নিতে এখনো তাকে কোনো অনুরোধ করা হয়নি। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে বলেছেন, সরকার বাংলাদেশের ক্রিকেটে তাকে কাজে লাগাতে চায়।
উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে চাকরি করায় তিনি বিসিবির নির্বাচনে কখনোই সম্পৃক্ত ছিলেন না। ফলে তাকে বিসিবিতে আনতে হলে কাউন্সিলর পরিচালক সবই জাতীয় ক্রীড়া পরিষদকে করতে হবে। ফারুক জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে কাউন্সিলর থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক মনোনীত করেছে। এরপর পরিচালকরা সভাপতি নির্বাচিত করেছে।
গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নাজমুল হাসানের বোর্ডে থাকা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়।
তাদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান।
এটা সরকারের হস্তক্ষেপ হলেও বিসিবির গঠনতন্ত্রে অনুমোদিত এবং সেটা আইসিসি থেকেও স্বীকৃত এটা নিয়ে প্রশ্ন তোলার সেই অর্থে তেমন সুযোগ নেই। ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে যেহেতু আইসিসির অবস্থান কঠোর, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতিকেও হতে হয় নির্বাচিত। ধারণা করা হচ্ছে, আইসিসি অনুমোদিত যেকোনো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সময়ের জন্য আমিনুল ইসলাম বুলবুল হতে যাচ্ছেন বিসিবির সভাপতি।
আগামী ৩১ মে শনিবার বিসিবির বোর্ড মিটিং রয়েছে। সেখানে সভাপতি ইস্যুতে বিস্তারিত আভাস মিলতে পারে বলেই ধারণা করা হচ্ছে।