সিঙ্গাপুরের ম্যাচে সমর্থকদের ৬ নির্দেশনা বাফুফের

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ মঙ্গলবার সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া সেই ম্যাচ দেখতে আসা দর্শকদের জন্য ছয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (৯ জুন) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানিয়েছে বাফুফের মিডিয়া বিভাগ।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ম্যাচ ৭টায় শুরু হলেও দর্শকদের জন্য বেলা ২টায় খোলা হবে স্টেডিয়ামের গেট। নকল ও জাল টিকিট নিয়ে কেউ ধরা পড়লে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেটে প্রবেশের জন্য সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্তলাইনে দাঁড়ানোর জন্য ২টি লেন বরাদ্দ থাকবে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে।

যারা টিকিট ছাড়া আসবেন, তাদের স্টেডিয়ামে ঢোকার কোনো উপায় নেই বলে জানিয়ে রেখেছে বাফুফে। তবে টিকিটবিহীন দর্শকদের বড় পর্দায় খেলা উপভোগ করতে বলা হয়েছে।

জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বড় পর্দায় ম্যাচটি দেখার সুযোগ পাবেন দর্শকরা।

জাতীয় স্টেডিয়ামে কোনো ব্যাগ, বোতল বা অতিরিক্ত সামগ্রী আনা কঠোরভাবে নিষিদ্ধ।