অবশেষে দুঃখ ঘুচলো দক্ষিণ আফ্রিকার। ক্রিকেট-তীর্থ লর্ডসে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিল তারা।
ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে অবশেষে “আমরা বিশ্ব চ্যাম্পিয়ন” বলার অধিকার পেল দক্ষিণ আফ্রিকা।
ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিখেই টেস্টে বিশ্বসেরা হলো দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে যাওয়া দলটি কী অবলীলায় ছুঁয়ে ফেলল ২৮২ রানের লক্ষ্য। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৮২ রান করে জেতা সহজ নয় টেস্ট ক্রিকেটে। লর্ডসে মাত্র দুবার কোনো দল চতুর্থ ইনিংসে ২৮২ বা এর বেশি লক্ষ্য ছুঁয়ে জিতেছিল। দিনের শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে ব্যাটিং করা অধিনায়ক টেম্বা বাভুমাকেই হারালেও তেমন কোনো সমস্যা হয়নি দলটির।
প্রথম ইনিংসে শূন্য করলেও দ্বিতীয় ইনিংসে নিজের জাত চিনিয়েছেন এইডেন মার্করাম। ১৩৬ রান করে হ্যাজলউডের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
তবে ২৮২ রানের লক্ষ্য তাড়া করা বেশ কঠিনই হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নদের জন্য। তবে ১৩৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে প্রোটিয়াদের জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন এইডেন মার্করাম। ফাইনালের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।
ম্যাচ শেষে নিজের অনুভূতি শুনিয়ে মার্করাম বলেন, ‘‘কখনো এর চেয়ে দামি রান করিনি। বিষয়টা একটু অদ্ভুত, প্রথম ইনিংসে ডাক মেরে ফেরার পর সবকিছু কীভাবে ঠিকঠাক হলো। কিছুটা ভাগ্যও দরকার হয়। লর্ডস এমন জায়গা, যেখানে সবাই খেলতে চায়। দক্ষিণ আফ্রিকার অনেক সমর্থক এসেছেন, এটা অন্যতম বিশেষ একটা দিন তাদের জন্যও।’’
এদিন চোট নিয়েও খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ম্যাচ শেষে অধিনায়ককে নিয়ে মার্করাম বলেন, ‘‘দুই তিন বছর ধরে সে আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সে ড্রেসিংরুমে না ফিরে এমন একটা ইনিংস খেলেছে, যেটা অনেক মানুষই মনে রাখবে।’’