ডাবল সেঞ্চুরির আক্ষেপ মুশফিকের, আলোকস্বল্পতায় আগেভাগে দ্বিতীয় দিনের খেলা শেষ

আরেকটা ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকেও আক্ষেপ নিয়ে দিনটা শেষ করতে হলো মুশফিকুর রহিমের। আসিতা ফার্নান্দোর বলে এলবিডব্লু হওয়ার আগে ১৬৩ রান করেন তিনি। তবে নিজেকে ফিরে পাওয়া এই ইনিংসে মুশফিক জানালেন, তিনি ফুরিয়ে যাননি।

বুধবার (১৮ জুন) শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৪৮৪ রান।

দ্বিতীয় দিনে বৃষ্টি-বিরতির পর ৩১.৪ ওভার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু গলে আজ শেষ বিকেলে খেলা হতে পারল ২০.৪ ওভার। বৃষ্টি-বিরতির সময় বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৪২৩। শেষ সেশনে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম, নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন লিটন দাস। এরপর আরও ৩ উইকেট নিয়েছে শ্রীলঙ্কা।

প্রথম দিনের লাঞ্চের আগে ব্যাট করতে এসেছিলেন মুশফিকুর রহিম। সেই মুশফিক ফেরেন দ্বিতীয় দিনের শেষ সেশনে। ৩৫০ বলে ১৬৩ রান করে আসিতা ফার্নান্ডোর বলে এলবিডব্লু হয়েছেন মুশফিক। রিভিউ নিয়েছিলেন, তবে অল্পের জন্যই সফল হননি। আম্পায়ার্স কলের কারণেই উইকেটটি পেয়ে যান আসিতা।

প্রথম দিন শেষে নাজমুলের কাছ থেকে ডাবল সেঞ্চুরির প্রত্যাশার কথা জানিয়েছিলেন মুশফিক। কিন্তু আজ সে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন নাজমুল। ব্যক্তিগত ১৪৮ রানে পেসার ফার্নান্ডোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসকে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন তিনি।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৫১ ওভারে ৪৮৪/৯ (সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, মুশফিক ১৬৩, নাজমুল ১৪৮, লিটন ৯০, জাকের ৮, নাঈম ১১, তাইজুল ৬, হাসান ০*, নাহিদ ০*)