ফিফা ক্লাব বিশ্বকাপ: শেষ ষোলোয় কারা, কে কার মুখোমুখি

শেষ হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ৩২ দলের এই লড়াই শেষে এখন নেমে এসেছে ১৬ দলে। গ্রুপ পর্ব থেকে শেষ ষোলোর লড়াইয়ে যাওয়ার পথে দেখা মিলেছে বেশ কিছু অঘটন এবং চমকেরও। তবে প্রথম পর্বের সবচেয়ে বড় চমক ছিল ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগো ও ফ্ল্যামেঙ্গোর কাছে হেরেছে সবেমাত্র উয়েফা লিগ চ্যম্পিয়ন হওয়া পিএসজি ও চেলসি।

এছাড়াও প্রথম পর্বেই ইউরোপিয়ান দলগুলোর মধ্য থেকে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ, পোর্তো এবং সালজবুর্গ। ব্রাজিল থেকে আসা চারটি ক্লাবের প্রতিটি শেষ ষোলো নিশ্চিত করলেও আর্জেন্টিনার দুটি শীর্ষ ক্লাব বোকা জুনিয়র্স এবং রিভার প্লেট বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই।

গ্রুপ পর্ব শেষে শেষ ষোলো নিশ্চিত করা দলগুলো হলো- পালমেইরাস, ইন্টার মায়ামি, পিএসজি, বোতাফোগো, বেনফিকা, বায়ার্ন মিউনিখ, ফ্ল্যামেঙ্গো, চেলসি, ইন্টার মিলান, মন্তেরই, বরুসিয়া ডর্টমুন্ড, ফ্লুমিনেন্স, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ ও আল হিলাল।

নকআউট পর্বের প্রথম ম্যাচে আগামী ২৮ জুন রাত ১০টায় মুখোমুখি হবে দুই ব্রাজিলিয়ান ক্লাব। গ্রুপ পর্বে চমক দেখানো পালমেইরাস ও বোতাফোগো মুখোমুখি হবে লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে।

২৯ জুন রাত ২টায় শেষ ষোলোর দ্বিতীয় ম্যাচে লড়বে ইংলিশ ক্লাব চেলসি ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

২৯ জুন রাত ১০টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও লিওনেল মেসির দল ইন্টার মায়ামি।

৩০ জুন হার্ড রক স্টেডিয়ামে রাত ২টায় লড়বে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো।

১ জুলাই রাত ১টায় ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান ও ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।

১ জুলাই রাত ৭টায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে একমাত্র এশিয়ান ক্লাব হিসেবে নকআউট রাউন্ডে পা রাখাঁ সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। ম্যাচটি হবে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে।

২ জুলাই রাত ১টায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। জমজমাট এই ম্যাচটি হবে হার্ডরক স্টেডিয়ামে।

নকআউট পর্বের শেষ ম্যাচে ২ জুলাই মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সকাল ৭টায় মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও মেক্সিকান ক্লাব মন্টেরেই।

শেষ ১৬ থেকে সেরা ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ৫ জুলাই থেকে শুরু হবে শেষ ৮-এর লড়াই।