মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারালেন লিভারপুল ফরোয়ার্ড দিয়েগো জোটা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার (৩ জুলাই) স্পেনের জামোরা শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যান এই পর্তুগিজ ফুটবলার।
দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।
জোটার জন্ম পর্তুগালের পোর্তোতে। তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন পাসোস দে ফেরেইরার যুব একাডেমিতে। সেখান থেকে ২০১৬ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে। এরপর ২০১৭ সালে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে পাড়ি জমান।
তবে ক্যারিয়ারের সেরা সময়টা কেটেছে লিভারপুলে। ২০২০ সালে ৪০ মিলিয়ন পাউন্ডে ক্লাবটিতে যোগ দেন জোটা। ইয়ুর্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জেতার পর, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ মৌসুমে নতুন কোচ আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন তিনি। লিভারপুলের জার্সিতে ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেছেন জোটা।
আতলেতিকো মাদ্রিদের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করে পর্তুগিজ ক্লাব পোর্তো ও উলভসের হয়ে খেলার পর জোটা লিভারপুলে নিজেকে সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেন।
দুর্ঘটনায় তার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সহকর্মীরা জানাচ্ছেন গভীর শোক ও শ্রদ্ধা।