টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার রেকর্ডটা আবারও অধরাই রয়ে গেল। রেকর্ডের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ৩৬৭ রানে এসে থামতে হলো তাকে। আউট না হলেও, ইনিংস ঘোষণা করায় তার ইনিংস এখানেই শেষ হলো। ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডকে টপকে যাওয়ার সুযোগ এসেছিল প্রোটিয়া ব্যাটার উইয়েন মুল্ডারের সামনে। সুযোগও ছিল বেশ। সবেমাত্র দিনের এক সেশন শেষ হয়েছিল। এমন সময় রেকর্ডের এত কাছে থেকেও ইনিংস ঘোষণা করাটা খুবই অপ্রত্যাশিত ছিল।
২০০৪ সালের এপ্রিলে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত ৪০০ রান করেছিলেন লারা। দীর্ঘ ২০ বছর পার হয়ে গেলেও, লারার রেকর্ডটি এখনও কেউ ভাঙতে পারেননি।
কিন্তু এই সুযোগটি আজ এসেছিল বুলাওয়েতে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ট্রিপল সেঞ্চুরির দেখা পান মুল্ডার। খেলার শুরু থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করতে দেখা যায় মুল্ডারকে। ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যান তিনি। ক্রিকেটপ্রেমীরা তখন যেন তার বিশ্ব রেকর্ড দেখার অপেক্ষায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় সেশনে আর ব্যাট করতে না নেমে ইনিংস ঘোষণা করে দেয় মুল্ডার।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তো প্রথম সেশনেই গড়েছেন মুল্ডার। সেটাকেই ব্যক্তিগতভাবে সবকিছুর ঊর্ধ্বে নেওয়ার সুযোগ ছিল তার সামনে।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ইনিংস ঘোষণা পরপরই অবাক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব।
দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন তিনি। স্ট্রাইকরেট ১০৯.৮৮। এ অবস্থায় লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভাঙতে আর বেশি বল প্রয়োজন ছিল না। তবে কেন ইনিংস ঘোষণা করলেন তিনি? তাহলে কি লারার প্রতি সম্মান দেখিয়ে আর ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত নেন মুল্ডার? সেটা নিশ্চয়ই আজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানা যাবে। তার আগ পর্যন্ত এসব প্রশ্নই ঘুরছে সবার মনে।