ইয়ামালের ১৮তম জন্মদিন ঘিরে ব্যাপক আয়োজন, থাকবে বিধি-নিষেধও

ফুটবলে নিজের যোগ্যতা অনেক আগেই প্রমাণ করেছেন ইয়ামাল। বার্সার হয়ে অনেক ম্যাচ জয়ে অবদান রয়েছেন তার। ১৭ বছর বয়সেই অনেকে তাকে মেসির সঙ্গে তুলনা করছেন। বার্তা সমর্থকরা ইয়ামালের মাঝেই যেন মেসিকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এদিকে স্প্যানিশ এই ফরোয়ার্ড আগামীকাল রবিবার ১৮ বছরে পা রাখতে যাচ্ছেন। তবে বয়স আঠারো হওয়ার আগেই তার নামের পাশে লেখা হয়ে গেছে অনেক কীর্তিগাথা। এসময় তার জন্মদিন যে বেশ জাঁকজমকভাবেই আয়োজন করা হবে, তা তো জানা কথাই।

ইয়ামালের জন্মদিনে পার্টি যে বড়সড় হবে,তা জানা গেলেও বিস্তারিত আয়োজন সম্পর্কে গোপন রাখা হচ্ছে। এমনকি পুরো আয়োজন গোপন রাখার স্বার্থে অনুষ্ঠানস্থলে কোনো ছবিও তোলা যাবে না। মোবাইল ফোন নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে।

সম্প্রতি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এসব তথ্য জানিয়েছে।

মার্কা জানিয়েছে, শুরুতে ইয়ামালের জন্মদিন আয়োজনের স্থান হিসেবে ইবিজার কথা শোনা গেলেও এখন সেটি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি বার্সেলোনায় বা সমুদ্রের কোথাও অনুষ্ঠিত হতে পারে।

ইয়ামালের জন্মদিন আয়োজনের খবর সামনে আসার পর থেকে সম্ভাব্য অতিথি কারা হবেন, তা নিয়েও শুরু হয়েছে বেশ জল্পনাকল্পনা। এই আয়োজনে ইনফ্লুয়েন্সার, স্ট্রিমার, সঙ্গীতশিল্পী এবং ইয়ামালের সতীর্থরা উপস্থিত থাকবেন। উল্লেখযোগ্য তারকাদের মধ্যে বিজার‍্যাপ, ডুকি, ওজুনা এবং ব্যাড জ্যাল উপস্থিত থাকতে পারে বলে মার্কার ওই প্রতিবেদনে জানানো হয়েছে। তবে মার্কা আরও জানিয়েছে, এভাবে জন্মদিন উদ্‌যাপন নিয়ে খুশি নন ইয়ামালের মা।

বার্সেলোনা ক্লাব বিশ্বকাপে না থাকায় এই সময়টাতে দারুণভাবে অবকাশ যাপন করেছেন ইয়ামাল। ঘুরেছেন সিসিলি, ইবিজা, মারবেলা, ব্রাজিল এবং সাংহাইয়ে।