বেইজিং হাফ ম্যারাথনে রোবটের বিস্ময়কর গতি

প্রযুক্তির উৎকর্ষতায় এবার মানুষের গতিকেও হার মানিয়েছে চীনের তৈরি হিউম্যানয়েড রোবট। মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে হাফ-ম্যারাথন শেষ করেছে এই রোবটটি।

রবিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় 'টেক জায়ান্ট অনারের' তৈরি রোবটটি এতো কম সময়ে দৌড় শেষ করে তাক লাগিয়ে দিয়েছে, যা গত মাসে লিসবনে রেকর্ড করা জ্যাকব কিপ্লিমোর রেকর্ডও ভেঙ্গে দিয়েছে।  

বেইজিংয়ে মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে হাফ ম্যারাথন শেষ করেছে অনারের হিউম্যানয়েড রোবটটি। যদিও ফিনিশিং লাইনের কয়েক মিটার আগে রেলিংয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ায় পুনরায় দাঁড়াতে সাহায্য করতে হয়েছে, তবুও এর গতি ছিল বিস্ময়কর। 

গত বছর এই রোবটগুলো স্টার্ট লাইন পার হতেই হিমশিম খাচ্ছিল। কিন্তু এবার তারা প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০টি রোবটকে পেছনে ফেলে পেশাদার অ্যাথলেটদের চেয়েও বেশি গতির টাইমিং রেকর্ড করেছে।

গত বছর এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরটি ছিল বিশৃঙ্খলা আর যান্ত্রিক ত্রুটিতে ভরা। তখন বিজয়ী রোবটটির সময় লেগেছিল ২ ঘণ্টা ৪০ মিনিট, যা পেশাদার অ্যাথলেটদের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। তবে মাত্র এক বছরের ব্যবধানে প্রযুক্তির এই রূপান্তর বিশ্বকে অবাক করেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে রোবট ও মানুষের জন্য আলাদা ট্র্যাকের ব্যবস্থা করেছিল আয়োজক কর্তৃপক্ষ। 

ম্যারাথনে রোবটদের দক্ষতার এই প্রদর্শনী কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রযুক্তি বিপজ্জনক কাজ থেকে শুরু করে যুদ্ধক্ষেত্রেও আমূল পরিবর্তন আনবে।

সম্প্রতি চীনের সিজিটিভি স্প্রিং ফেস্টিভ্যাল গালাতে ইউনিট্রির রোবটগুলোকে তলোয়ার ও নানচাকু নিয়ে সমর কৌশল প্রদর্শন করতেও দেখা গেছে, যা তাদের রণ সক্ষমতারই ইঙ্গিত দিয়েছে।