সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে- ফেসবুক, ইনস্টাগ্রাম বর্তমানে যোগাযোগের জনপ্রিয় প্লাটফর্ম সারাবিশ্বে। বাংলাদেশে ফেসবুকের পরেও সবচেয়ে বেশি ব্যবহৃত জনপ্রিয় অ্যাপস ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামে মেসেজ করার সময় অনেক সময় অসাবধানতাবশত গুরুত্বপূর্ণ চ্যাট ডিলিট হয়ে যায়। ব্যক্তিগত কথোপকথন, অফিসের প্রয়োজনীয় বার্তা, ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে গেলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা তৈরি হয়।
বেশিরভাগ ব্যবহারকারী মনে করেন, ইনস্টাগ্রামে চ্যাটের মেসেজ একবার ডিলিট হয়ে গেলে আর কখনও ফিরে পাওয়া সম্ভব নয়। তবে বাস্তবে বিষয়টি পুরোপুরি এমন নয়।
যদিও ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপে ডিলিট হওয়া ডাইরেক্ট মেসেজ পুনরুদ্ধারের জন্য আলাদা কোনো অপশন নেই, তবুও অফিসিয়াল একটি পদ্ধতিতে পুরোনো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পুরোনো তথ্য খুঁজে পাওয়ার সহজ কিছু উপায়-
প্রথমে ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণ ব্যবহার করে নিজের অ্যাকাউন্টের ডাটা ডাউনলোড করা যেতে পারে।
তারপরে, কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে ইনস্টাগ্রামে লগ-ইন করুন। প্রোফাইল আইকনে ক্লিক করে এডিট প্রোফাইলে যান। এরপর অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করুন। ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে প্রবেশ করুন। সেখানে এক্সপোর্ট ইওর ইনফরমেশনে ক্লিক করুন। এরপর ক্রিয়েট এক্সপোর্ট নির্বাচন করে ডাটা এক্সপোর্টের অনুরোধ পাঠান।
এরপর যা যা করতে হবে-
ডাটা এক্সপোর্টের সময় কোন অ্যাকাউন্টের তথ্য ডাউনলোড করবেন এবং কোথায় সংরক্ষণ করবেন, তা নির্বাচন করতে হবে। নিরাপত্তার জন্য পুনরায় অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে হবে। অনুরোধ গ্রহণের পর ইনস্টাগ্রাম আপনার তথ্য প্রস্তুত করবে। পরে এইচটিএমএল ফরম্যাটে সেই ডেটা ডাউনলোড করা যাবে।
সব ডিলিট হওয়া চ্যাট কি ফিরে আসে-
এর উত্তর হলো- সব ডিলিট হওয়া চ্যাট ফিরে আসে না। ইনস্টাগ্রামের সার্ভারে সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত থাকলে তবেই সেই তথ্য ডাটা এক্সপোর্টে পাওয়া যেতে পারে। যদি সার্ভার থেকে তথ্য মুছে যায়, তাহলে কিছুটা পুনরুদ্ধার করা সম্ভব।