দুপাশের কথাসহ সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ডিং করবেন যেভাবে

দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ কথাবলি সংরক্ষণে হোয়াটসঅ্যাপের ভয়েস কিংবা ভিডিও কল রেকর্ড করার প্রয়োজন পড়ে বহু ব্যবহারকারীর। তবে মেটার মালিকানাধীন বিশ্বের অত্যন্ত জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মে এখনো সরাসরি কল রেকর্ডিংয়ের কোনো ফিচার যুক্ত করা হয়নি। এর ফলে ব্যবহারকারীদের থার্ড-পার্টি অ্যাপস বা স্মার্টফোনের স্ক্রিন রেকর্ডারের ওপর নির্ভর করতে হয়।

বর্তমানে গুগল প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে ‘Call Recorder (Early Access)’ নামের একটি অ্যাপ, যার সাহায্যে হোয়াটসঅ্যাপের অডিও কল রেকর্ড করা সম্ভব। এমনকি কিছু কিছু স্মার্টফোনে এই অ্যাপ দিয়ে ভিডিও কলের অডিও অংশটুকুও সংরক্ষণ করা যায়।

অ্যাপটি যেভাবে সেটআপ করবেন:

১. ডাউনলোড ও ইনস্টল: গুগল প্লে-স্টোর থেকে ‘Call Recorder (Early Access)’ অ্যাপটি ফোনে ডাউনলোড করে ইনস্টল করুন।

২. অনুমতি প্রদান: অ্যাপটি ওপেন করে এর প্রয়োজনীয় শর্তাবলিতে (Terms and Conditions) সম্মতি দিয়ে মাইক্রোফোন, কন্ট্যাক্টস, নোটিফিকেশন ও রেকর্ড করার পারমিশন চালু করুন।

৩. রেকর্ডিং অপশন নির্ধারণ: অ্যাপের ‘Recording Option’-এ প্রবেশ করে ‘Exclude App’ ফিচারে ক্লিক করে ‘Request the Permission’ সিলেক্ট করে দিন।

সেটআপ শেষ হলে হোয়াটসঅ্যাপে যেকোনো কল আসলে বা করা হলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কথোপকথন রেকর্ড করা শুরু করবে। পরবর্তীতে অ্যাপটিতে প্রবেশ করে রেকর্ড করা অডিও ফাইল, কলের সময়সীমা ও বিস্তারিত তথ্য দেখা যাবে।

কৌশল ও সফটওয়্যার সীমাবদ্ধতা:

সকল স্মার্টফোনে এই অ্যাপ একইভাবে কার্যকর নাও হতে পারে। অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ, অপারেটিং সিস্টেমের নিজস্ব নিরাপত্তা নীতি কিংবা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সফটওয়্যার প্রটোকলের কারণে অনেক ডিভাইসে এই অ্যাপ ব্যবহারে অডিও স্পষ্ট নাও হতে পারে।

বিকল্প হিসেবে অ্যান্ড্রয়েড ও আইফোনের বিল্ট-ইন ‘Screen Recorder’ ব্যবহার করে খুব সহজেই যেকোনো ভিডিও বা অডিও কলের স্ক্রিন ও সাউন্ড রেকর্ড করে সংরক্ষণ করা সম্ভব। ডিভাইসে এই ফিচার না থাকলে গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে নির্ভরযোগ্য স্ক্রিন রেকর্ডার অ্যাপ ডাউনলোড করা যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, কারো কথোপকথন বা কল রেকর্ড করার ক্ষেত্রে চরম সতর্কতা ও নৈতিকতা বজায় রাখা জরুরি। অপর প্রান্তের মানুষের সম্মতি বা অনুমতি ছাড়া কল রেকর্ড করা আইনগতভাবে অপরাধ হতে পারে এবং এটি ব্যক্তির গোপনীয়তার অধিকারের স্পষ্ট লঙ্ঘন। তাই এই ধরনের থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারের পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে আইনি বিধিনিষেধ মেনে চলাই শ্রেয়।