শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে ‘গুগল এআই প্রো’ ব্যবহারের সুযোগ দিচ্ছে গুগল। ‘ব্যাক টু স্কুল’ প্রোগ্রামের আওতায় বিশ্বব্যাপী এ সুবিধা চালু করা হয়েছে।
এই অফারের আওতায় শিক্ষার্থীরা এক বছর বিনামূল্যে গুগলের জেমিনি ব্যবহারের সুযোগ পাবেন। পাশাপাশি স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি বিনামূল্যের ক্লাউড স্টোরেজসহ আরও কিছু সুবিধা পাওয়া যাবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কারা পাবেন এই সুবিধা
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অফারটি বিনামূল্যে নিতে পারবেন। এজন্য থাকতে হবে নিজস্ব জিমেইল অ্যাকাউন্ট এবং দেশের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র দরকার হবে। এছাড়া শিক্ষার্থীর বয়স অবশ্যই ১৮ বছরের ওপরে হতে হবে।
সুবিধাটি পেতে প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে ‘Google One Student Page’-এ যেতে হবে। এরপর ‘Get Student Offer’ বাটনে ক্লিক করে দেশের নাম হিসেবে Bangladesh নির্বাচন করতে হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম দেওয়ার পর গুগলের চাওয়া তথ্যগুলো পূরণ করতে হবে।
পড়াশোনায় জেমিনির সুবিধা
শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করতে জেমিনিতে নতুন কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে। যেমন -
- স্টুডেন্ট হাবের মাধ্যমে ক্লাসের নোট ও সিলেবাস আপলোড করলে জেমিনি সেগুলো বিশ্লেষণ করে ব্যক্তিগত পড়ার নোট, ছোট শিক্ষামূলক পাঠ ও কুইজ তৈরি করতে পারবে।
- শিক্ষার্থীর পড়াশোনার অগ্রগতিও পর্যবেক্ষণ করতে পারবে এআইটি। জটিল বিষয় সহজে বোঝাতে ইন্টারঅ্যাকটিভ ভিজ্যুয়ালাইজেশন, ত্রিমাত্রিক সিমুলেশন ও তথ্যের টেবিল তৈরির সুবিধাও থাকছে। বিজ্ঞান, গণিতসহ বিভিন্ন জটিল বিষয় শেখার ক্ষেত্রে এসব সুবিধা কাজে আসতে পারে।
জেমিনি লাইভের সঙ্গে ডিপ রিসার্চ সুবিধাও যুক্ত করা হচ্ছে। গুগলের এই শিক্ষার্থী অফার গ্রহণের শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২৬। যোগ্য শিক্ষার্থীরা এর মধ্যে অফারটি গ্রহণ করতে পারবেন।