কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত সেবা 'সিরি'-র ফিচার সম্পর্কে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য পরিবেশনের অভিযোগে গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে টেক জায়ান্ট অ্যাপল। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতাদের পক্ষে দায়ের করা একটি শ্রেণিবদ্ধ মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
মামলার নথিতে উল্লেখ করা হয়, অ্যাপল তাদের বিজ্ঞাপনে সিরির একাধিক উন্নত সক্ষমতা ও এআই ফিচারের প্রচার চালালেও বাস্তবে কেনা ডিভাইসে তার অস্তিত্ব ছিল না। ফলে গ্রাহকেরা তথ্যের সত্যতা না পেয়ে ভুল তথ্যের ভিত্তিতে আইফোন কিনতে প্ররোচিত হয়েছেন বলে আদালতকে জানানো হয়।
আগ্রহী ও ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা নির্দিষ্ট ওয়েবসাইটে (https://smartphoneaisettlement.com/) গিয়ে সরাসরি ক্ষতিপূরণের আবেদন জমা দিতে পারবেন। আবেদন গ্রহণের এই প্রক্রিয়াটি গত ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, যা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে।
২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে কেনা আইফোন ১৫ প্রো, ১৫ প্রো ম্যাক্স এবং আইফোন ১৬ সিরিজের ডিভাইস ব্যবহারকারীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে শর্ত হিসেবে গ্রাহককে ডিভাইসটির মূল বা প্রাথমিক মালিক হতে হবে এবং তা ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কেনা হতে হবে। শর্তপূরণ সাপেক্ষে যোগ্য ব্যবহারকারীরা প্রতি ডিভাইসের বিপরীতে ২৫ মার্কিন ডলার থেকে সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পেতে পারেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউ ইয়র্কের প্রতিবেদনে জানানো হয়, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী ২০২৭ সালের ২৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ওই শুনানিতে আদালতের পর্যালোচনা শেষে ক্ষতিপূরণ বণ্টনের নীতি আনুষ্ঠানিকভাবে অনুমোদন পাবে।