এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ফিরেছেন কোম্পানির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের ১১ দিনের মাথায় তাকে আবারও সিইও পদে ফিরিয়ে আনা হলো।
সোমবার (২৪ নভেম্বর) পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে এ পদে পুনর্বহাল করা হয়। মাত্র কয়েক দিন আগেও হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা হুয়াংয়ের স্পষ্টবাদিতা ও নেতৃত্বের সক্ষমতায় সন্তুষ্ট। জ্যেষ্ঠ মার্কিন সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মতামত পাওয়ার পর তার ফিরে আসার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছে পর্ষদ।
সিইও হিসেবে জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩০% বেড়ে গেছে বলে জানা যাচ্ছে।
এর আগে, তাকে পদচ্যুত করার পর এনভিডিয়ার শেয়ারের দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছিল।
স্বপদে পুনর্ববহাল হওয়ার পর এক বিবৃতিতে কোম্পানির বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনসেন হুয়াং।
তিনি বলেন, "আমি আমাদের কর্মচারী, শেয়ারহোল্ডার, শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ এবং বিশ্বজুড়ে থাকা অংশীদারদের প্রতি তাদের অসাধারণ সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সর্বোপরি, আমি আমার পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমি কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
হুয়াং এনভিডিয়াকে একটি সাধারণ ভিডিও গেম চিপ নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন।
বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল, তাদের মধ্যে এক ব্যবসায়ী নারীও রয়েছেন, যাকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করে মার্কিন কর্তৃপক্ষ। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।
গত অক্টোবরের শেষ দিকে নিউ ইয়র্ক টাইমস প্রথম সিঙ্গাপুরভিত্তিক ডেটাসেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিসকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দিয়েছিল, যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনও প্রমাণিত নয়।
পরবর্তী সময়ে এনভিডিয়ার আরও দুই নারী কর্মকর্তার সঙ্গেও তার সম্পর্কের অভিযোগ সামনে আসে। ৯ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করলে ৬৩ বছর বয়সী সহপ্রতিষ্ঠাতা হুয়াং অ্যালিসের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে প্রেসিডেন্ট, সিইও ও পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।