চীনা কর্তৃপক্ষ “অনৈতিক চাপ” দিচ্ছে, এমন অভিযোগ পাওয়া গেলে দেশটি তাইওয়ানের কোম্পানিগুলোকে সরিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছে তাইপে।
সম্প্রতি টেক জায়ান্ট ফক্সকনের বিরুদ্ধে চীনা কর্তৃপক্ষের শুরুর পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি দেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, চীনের একাধিক প্রদেশে তাইওয়ানভিত্তিক কোম্পানিটির বিরুদ্ধে ট্যাক্স ও ভূমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য, ফক্সকন বিশ্বের অন্যতম বড় ইলেক্ট্রনিক্স পণ্য সরবরাহকারী। তারা আ্যাপল আইফোনের সর্ববৃহৎ নির্মাতা।
তবে প্রতিবেদনে তদন্তকারীরা ঠিক কী খুঁজছেন অথবা ফক্সকন কোন ধরনের অনিয়ম করেছে তা উল্লেখ করা হয়নি। এদিকে, ফক্সকন তদন্তকারীদের সহায়তা করবে বলে জানালেও এ বিষয়ে বিস্তারিত উল্লেখ করেনি।
স্বায়ত্ত্বশাসিত তাইওয়ানে আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন, এরই মধ্যে চীনে এমন তদন্ত শুরু হলো।
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট লাই চিং তে স্বাধিকারপন্থী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রধান। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দলের হয়ে লড়বেন।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চীনের মূল ভূখণ্ডে তাইওয়ানের কোম্পানিগুলো “অনৈতিক চাপের” মুখে পড়লে সেগুলো স্থানান্তর করা হবে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কোম্পানিগুলো যদি চীনে সতর্ক ও সন্ত্রস্ত হয়ে পড়ে, চীনা কর্তৃপক্ষের ওপর বিশ্বাস হারায় তারা ধীরে ধীরে অন্যান্য দেশে চলে যেতে পারে।”
এমনটা হলে তা চীনের জন্য বড় লোকসান হবে বলেও অভিমত দেন লাই।
তাইওয়ানের কোম্পানিগুলোর প্রতি “যত্নশীল” হওয়ার পাশাপাশি তাদের “মূল্যায়ন” করার জন্য চীনা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি বা ফক্সকন চীনের বৃহত্তম বেসরকারি নিয়োগদাতা। বিভিন্ন প্রদেশে তাদের প্রতিষ্ঠানে কাজ করে ১০ লক্ষাধিক কর্মী।
এটির প্রতিষ্ঠাতা টেরি গৌ চার বছর আগে দায়িত্ব ছেড়ে দেন। জানুয়ারির প্রেসিডেন্ট নির্বাচনে তিনিও একজন স্বতন্ত্র প্রার্থী।