ফেসবুক-টিকটককে ৪ দিনের সময় দিলো সরকার

বাংলাদেশের আইনের প্রতি জবাবদিহিতায় ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মত সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ সরকার। এর জবাব দিতে চারদিনের সময় বেধে দেওয়া হয়েছে।

রবিবার (২৮ জুলাই) বিভিন্ন মোবাইল অপারেটর, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফ্রিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, “শনিবার ফেসবুক-টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তাদের জবাব দিতে ৩০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দেশের সংবিধান ও আইন না মানায় এই চিঠি পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা যে কন্টেন্টগুলো মুছতে বলেছি তার খুব কমই তারা মুছেছে। উগ্রপন্থিদের পেজ চালু থাকলেও আওয়ামী লীগ সমর্থিত ৫০টি পেজ টেকডাউন করে দিয়েছে।”

পলক বলেন, “আজ বিকেল ৩টায় সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক চালু হবে। বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়নি। কেপিআইগুলোতে ইন্টারনেট ছিল না। আমরা কোনো অ্যাপ বন্ধ রাখার পক্ষে নই।”