টিকটক ব্যবহারকারীদের টানতে রিলস ও প্রোফাইলে যে পরিবর্তন আনলো ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর দেশটিতে আবারও কার্যক্রম শুরু করেছে চীনা মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে ভিডিও শেয়ারিং এই অ্যাপটিকে তিনি প্রবেশ পুনর্বহাল করবেন। নিষিদ্ধ ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ কোটি টিকটক ব্যবহারকারীদের আকৃষ্ট করতে রিলসের সময় বাড়িয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম।

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, নতুন এ সুবিধা অনুযায়ী ব্যবহারকারীরা চাইলে সর্বোচ্চ ৩ মিনিটের রিলস দেখতে পারবেন। পর্যায়ক্রমে সব দেশের ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এ বিষয়ে অ্যাডাম মোসেরি বলেন, ‘‘সোমবার থেকে রিলসে ৩ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করা যাবে। আগে এর সময়সীমা ছিল ৯০ সেকেন্ড। কারণ আমরা সংক্ষিপ্ত ভিডিওর অভিজ্ঞতা উন্নত করতে চেয়েছিলাম। তবে কনটেন্ট নির্মাতারা জানিয়েছেন, ৯০ সেকেন্ড তাদের জন্য যথেষ্ট নয়। আমরা আশা করছি, সময়সীমা বাড়ানোয় ফলে আরও গভীরভাবে গল্প বলার সুযোগ থাকবে।”

শুধু রিলসের সময়সীমাই নয়, ইনস্টাগ্রাম প্রোফাইলেও আসছে নতুনত্ব। নতুন নকশার প্রোফাইলে বর্গাকার গ্রিডের জায়গায় জায়গা করে নিচ্ছে আয়তাকার বিন্যাস।

এ বিষয়ে মোসেরি আরও জানান, বেশির ভাগ ব্যবহারকারীই উল্লম্ব (ভার্টিক্যাল) ফরম্যাটে কনটেন্ট আপলোড করেন। কিন্তু বর্গাকার গ্রিডে কনটেন্টের বড় অংশ কেটে যায়। নতুন আয়তাকার গ্রিড কনটেন্ট দেখার অভিজ্ঞতা আরও উন্নত করবে। শুধু তাই নয়, রিলসে দেওয়া লাইক ও প্রতিক্রিয়া আরও ভালোভাবে দেখা যবে। ব্যবহারকারীদের পছন্দ করা রিলস তাদের বন্ধুদের টাইমলাইনে দেখানোর নতুন ফিচারও চালু হচ্ছে বলে জানান তিনি।

এর আগে টিকটকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভিডিও প্লাটফর্ম ইউটিউব তাদের শর্টস ভিডিওর সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ ৩ মিনিট করেছে। এবার একই পদক্ষেপ নিল ইনস্টাগ্রামও।

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ায় ইনস্টাগ্রামের এই পরিবর্তনগুলো নতুন কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।