চীনের তৈরি ডিপসিক এআই ডাউনলোড ও ব্যবহার করবেন যেভাবে

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের তৈরি ডিপসিক এআই এখন বেশ একটি আলোচিত নাম। বেশ কিছু উদ্ভাবনী প্রযুক্তিসুবিধা থাকায় প্রযুক্তিপ্রেমীদের কাছে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এই এআই মডেলটি। ডিপসিকের জনপ্রিয়তার মূল কারণ হলো এর আর১ মডেলটি। মডেলটি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) লাইসেন্সপ্রাপ্ত একটি ওপেন সোর্সনির্ভর এআই প্ল্যাটফর্ম। ওপেন সোর্স হওয়ায় এটি বিনা মূল্যে ব্যবহার করা যায় এবং ব্যক্তিগত বা পেশাগত কাজে ব্যক্তির পছন্তমতো কাস্টমাইজ করা যায়। যদিও এটি গবেষণা এবং উন্নয়নের জন্য বেশি ব্যবহৃত হচ্ছে।

যে ধরনের সিস্টেমে এটি চলবে

সব ধরনের মোবাইল ফোন বা কম্পিউটারে চাইলেও ডিপসিক এআই ব্যবহার করা যাবে না। উইন্ডোজ ১০ এর পূর্বের সংস্করণগুলোতে এটি কাজ করবে না। তাই উইন্ডোজ ১০ থেকে পরবর্তী সংস্করণ, ম্যাকওএস ১০.১৫ বা তার পরবর্তী সংস্করণ এবং উবুন্টু (লিনেক্স) ১৮.০৪ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ডিপসিক এআই সফটওয়্যার সহজেই ডাউনলোড ও ইনস্টল করা যাবে। তবে ডিপসিক এআই ব্যবহারের জন্য অবশ্যই কম্পিউটারে মাল্টি-কোর প্রসেসর (কোয়াডকোর বা তার বেশি), উচ্চক্ষমতাসম্পন্ন এনভিডিয়া জিপিইউ (সিইউডিএ সমর্থনসহ), কমপক্ষে ৮ গিগাবাইট র‍্যাম (১৬ গিগাবাইট বা তার বেশি হলে ভালো এবং যা এআই সম্পর্কিত টাস্ক ধারণ করতে পারে) এবং এসএসডি স্টোরেজে কমপক্ষে ৫০ গিগাবাইট জায়গা ফাঁকা থাকতে হবে (এটা নিয়ন্ত্রণ করতে আরও বেশি স্টোরেজের প্রয়োজন পড়তে পারে)।

ইনস্টল করবেন যেভাবে

উইন্ডোজে ইনস্টলেশন প্রক্রিয়ার জন্য ওল্লামা এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং উইন্ডোজ ইনস্টলার ডাউনলোড করতে হবে। এরপর ইনস্টলার চালিয়ে স্ক্রিনের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি হার্ডডিস্কে অন্তত ৪ গিগাবাইট ফাঁকা জায়গা আছে, তা নিশ্চিত করতে হবে। ইনস্টলেশন শেষে ডিবাগ মুড চালু করার জন্য কমান্ড প্রম্পটে এই “$env:OLLAMA_DEBUG="1" & "ollama app.exe"” কমান্ড লিখতে হবে।

এছাড়াও ম্যাক ব্যবহারকারীরা সরাসরি ওল্লামা এর ওয়েবসাইট থেকে ইনস্টলার ডাউনলোড করতে পারবেন। ইনস্টলের পর ডিপসিক চালু করতে টার্মিনাল অ্যাপ খুলে “ollama run deepseek-r1:8b” এই কমান্ড লিখতে হবে। এরপর ডিপসিক আর১ চালু হয়ে যাবে এবং এর কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করা যাবে।

সফটওয়্যার ইনস্টলের পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে ডিপসিক এআই সুবিধা অনলাইন থেকেও সরাসরি ব্যবহার করা যাবে। এ জন্য ওল্লামা এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ই–মেইল বা মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। চাইলে ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্টের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের পর সরাসরি চ্যাটবট ব্যবহার শুরু করা যাবে।

মোবাইল ফোনে ডিপসিক অ্যাপ ব্যবহারের জন্য অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে ডিপসেক লিখে সার্চ করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। এরপর ই–মেইল এবং পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ডিপসিক অ্যাপ ব্যবহার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া