বর্তমান বিশ্ব প্রযুক্তি নির্ভর। আর তাই বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার। যুক্তরাষ্ট্রের পর এবার সেই দৌড়ে যোগ দিলো চীন। যুক্তরাষ্ট্রের চ্যাটজিপিটিকে পেছনে ফেলে আলোচনার কেন্দ্রে ডিপসিক। বর্তমানে অ্যাপলের অ্যাপ স্টোরে বিনা মূল্যে পাওয়া অ্যাপের মধ্যে শীর্ষে রয়েছে এটি। এবার জনপ্রিয় মিডিয়া প্লেয়ার ভিএলসিতেও যুক্ত হতে যাচ্ছে এই এআই।
কম্পিউটার বা মোবাইল ফোনে বিভিন্ন ফরম্যাটের গান ও ভিডিও দেখার জন্য বেশ জনপ্রিয় একটি মিডিয়া প্লেয়ার হলো এই ভিএলসি। তবে এই মিডিয়াতে ভিন্ন ভাষার সাবটাইটেল দেখার সুযোগ না থাকায় সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীকে। এ সমস্যা সমাধানে ভিএলসিতে এআই যুক্ত করতে যাচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান ভিডিওল্যান।
ভিডিওল্যানের তথ্যমতে, অনলাইনে ভিন্ন ভাষার সিনেমা বা ভিডিও দেখার জন্য অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যারের মাধ্যমে সাবটাইটেল সুবিধা ব্যবহার করেন। তবে এবার ভিএলসি মিডিয়া প্লেয়ারে এই এআই সাবটাইটেল–সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এ সুবিধা কাজে লাগিয়ে অফলাইনে প্রায় ১০০টির মতো ভাষায় তৈরি সিনেমা বা ভিডিওর সাবটাইটেল পছন্দের ভাষায় দেখতে পারবেন ব্যবহারকারীরা।
এ বিষয়ে ভিডিওল্যানের প্রেসিডেন্ট জিন-ব্যাপটিস্ট কেম্পফ বলেন, “ভিন্ন ভাষায় তৈরি সিনেমা বা ভিডিওতে থাকা ডায়ালগের সঙ্গে সঙ্গেই আপনার নিজের ভাষায় তা স্ক্রীনে দেখাবে ভিএলসি।”
উল্লেখ্য, এখন পর্যন্ত ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোডের সংখ্যা ৬০০ কোটি ছাড়িয়েছে। বিশ্বজুড়ে যেহেতু স্ট্রিমিং সেবার প্রভাব বাড়ছে, তাই নতুন এ সুবিধা চালু হলে ভিএলসির ডাউনলোডের সংখ্যা আরও বাড়তে পারে।
সূত্র: দ্যা ভার্জ