অ্যাপল ও গুগলের অ্যাপ স্টোরে আবারও ফিরে এসেছে চীনের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারের ওপর জারি হওয়া নিষেধাজ্ঞাটি ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে। ফলে অ্যাপটি ব্যবহার করলে গ্রাহকদের আর কোনো জরিমানা দিতে হবে না।
ট্রাম্প গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার শপথ গ্রহণের আগে আগে যুক্তরাষ্ট্রে টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হয়। এতে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ হয়ে যায়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প বলেছিলেন, তিনি টিকটক পুনর্বহাল করবেন।
বাজারবিষয়ক বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে টিকটক। ২০২৪ সালে ৫ কোটি ২০ লাখের বেশিবার অ্যাপটি ডাউনলোড হয়েছে।
সেন্সর টাওয়ার কর্তৃপক্ষ বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক যতবার ডাউনলোড করা হয়েছে তার প্রায় ৫২ শতাংশই ডাউনলোড করা হয়েছে অ্যাপল অ্যাপ স্টোর থেকে। আর ৪৮ শতাংশ ডাউনলোড হয়েছে গুগল প্লে থেকে।