Friday, September 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাজারে আসছে মটোরোলার নতুন ফোন, থাকছে যেসব চমক

‘সিগনেচার ২৭’ নামের এই ফোনটিকে নিজেদের সবচেয়ে উন্নত স্মার্টফোন বলছে প্রতিষ্ঠানটি 

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

স্ন্যাপড্রাগনের নতুন প্রজন্মের চিপ, ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, বড় সেন্সর ও উন্নত অডিও প্রযুক্তি নিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে মটোরোলা। ‘সিগনেচার ২৭’ নামের এই ফোনটিকে প্রতিষ্ঠানটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে উন্নত স্মার্টফোন হিসেবে তুলে ধরেছে।

স্ন্যাপড্রাগন সামিটে নতুন ‘সিগনেচার ২৭’ স্মার্টফোন দেখিয়েছে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটে এ তথ্য জানানো হয়েছে।

এনগ্যাজেট জানিয়েছে, নতুন মডেলটি আগের ‘সিগনেচার’ সিরিজের ফোনের আপগ্রেড সংস্করণ।

ফোনটির অন্যতম আকর্ষণ প্রসেসরে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের নতুন মোবাইল চিপ ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬’। কোয়ালকমের আধুনিক ও শক্তিশালী মোবাইল এসওসি ব্যবহারকারী প্রথম কয়েকটি ফোনের মধ্যে এটি একটি।

স্মার্টফোনে ব্যবহৃত এই ধরনের চিপকে সিস্টেম অন এ চিপ বা এসওসি বলা হয়। কম্পিউটারে প্রসেসর, র‍্যাম ও গ্রাফিক্সের মতো উপাদান সাধারণত আলাদা অংশে থাকলেও ছোট ডিভাইসে জায়গা সাশ্রয় ও কার্যক্ষমতা বাড়াতে এসব প্রযুক্তি একটি চিপের মধ্যেই একত্র করা হয়।

ফোনটির অডিও ব্যবস্থাতেও গুরুত্ব দিয়েছে মটোরোলা। উন্নত শব্দের জন্য এতে রয়েছে ‘ব্যাং অ্যান্ড উলফসেন’ ব্র্যান্ডের স্পিকার। পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহারে ফোনের তাপ নিয়ন্ত্রণে রাখতে কুলিং সিস্টেমেও আনা হয়েছে উন্নতি।

ক্যামেরা বিভাগে মূল ক্যামেরাটি আগের মডেলের মতোই রাখা হয়েছে। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ‘সনি লাইটিয়া ৯১০’ সেন্সর। তবে টেলিফটো ক্যামেরায় বড় পরিবর্তন এনেছে মটোরোলা। আগের ৫০ মেগাপিক্সেলের বদলে নতুন ফোনে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।

সফটওয়্যারের দিক থেকেও ফোনটিতে থাকছে দীর্ঘমেয়াদি আপডেট সুবিধা। অ্যান্ড্রয়েড ১৭ অপারেটিং সিস্টেমে চলবে ‘সিগনেচার ২৭’ এবং মটোরোলা এতে সাত বছর পর্যন্ত ওএস আপগ্রেড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জেমিনাইয়ের বিভিন্ন টুলও ফোনটিতে ব্যবহারের সুযোগ থাকবে। এর মধ্যে ভিডিও তৈরির টুল ‘ওমনি’ এবং মিউজিক জেনারেটর ‘লিরিয়া’র মতো ফিচার রয়েছে।

তবে ফোনটির ডিসপ্লেসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত তথ্য এখনও প্রকাশ করেনি মটোরোলা। বাজারে আসার নির্দিষ্ট তারিখও জানানো হয়নি। প্রতিষ্ঠানটির ভাষ্য, ফোনটি ২০২৬ সালের মধ্যেই বিশ্ববাজারে আসতে পারে।

ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কেও এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগের মডেলটির বিভিন্ন কনফিগারেশন অনুযায়ী দাম ছিল প্রায় ৮০০ থেকে ১২০০ ডলারের মধ্যে।

এদিকে মটোরোলা ও ব্যাং অ্যান্ড উলফসেনের সহযোগিতা শুধু ‘সিগনেচার ২৭’-এ সীমাবদ্ধ থাকছে না। প্রতিষ্ঠান দুটি সম্প্রতি দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। ফলে সামনের দিনেও মটোরোলার পণ্যে এই ব্র্যান্ডের অডিও প্রযুক্তি দেখা যাবে।

   

About

Popular Links

x