আনুষ্ঠানিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য ফটোশপ অ্যাপ উন্মুক্ত করেছে অ্যাডোবি। ডেস্কটপ ও আইপ্যাডে ব্যবহারের পর এখন আইফোনেও ব্যবহার করা যাবে এই অ্যাপ। নতুন অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে, যা মোবাইলে ছবি সম্পাদনার অভিজ্ঞতাকে আরও সহজ করবে বলে জানা যায়।
ফটোশপের নতুন আইওএস ভার্সনে যুক্ত হয়েছে অ্যাডোবির নিজস্ব ফায়ারফ্লাই এআই প্রযুক্তির ‘‘জেনারেটিভ ফিল’’ ও ‘‘জেনারেটিভ এক্সপ্যান্ড’’ সুবিধা। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ছবির নির্দিষ্ট অংশ বদলাতে, নতুন উপাদান যোগ করতে বা ছবির সীমানা সম্প্রসারিত করতে পারবেন। এর আগে এই সুবিধাটি শুধু ডেস্কটপে ব্যবহারে সীমাবদ্ধ ছিল। এছাড়াও নতুন এই অ্যাপে থাকছে লেয়ার, মাস্কিংসহ উন্নত মানের বিভিন্ন ইডিটিং টুল। ফলে অ্যাপেও ডেস্কটপ সংস্করণের অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে এই অ্যাপসের কিছু উন্নত সুবিধা ব্যবহারের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। ডেস্কটপ সংস্করণের মতোই এতে নিখুঁতভাবে ছবির যেকোনো অংশ নির্বাচন, নির্দিষ্ট অংশ সম্পাদনা ও উন্নত রং সংশোধনের সুবিধা থাকবে।
এছাড়াও এই অ্যাপটি বিনামূল্যে ৫ জিবি ক্লাউড স্টোরেজ সুবিধা দেবে। এখানে ব্যবহারকারীরা তাদের সম্পাদিত ছবি সংরক্ষণ করতে পারবেন। এছাড়াও ‘‘স্পট হিলিং ব্রাশ’’ টুল দিয়ে ছবির অবাঞ্ছিত উপাদান মুছে ফেলা এবং ‘‘ট্যাপ সিলেক্ট’’ টুলের মাধ্যমে নির্দিষ্ট অংশ পরিবর্তন বা রং পরিবর্তন করা যাবে।
নতুন এই ফটোশপ অ্যাপটি অ্যাডোবির অন্যান্য সফটওয়্যার, যেমন অ্যাডোবি এক্সপ্রেস, অ্যাডোবি ফ্রেসকো ও অ্যাডোবি লাইটরুমের সঙ্গে সরাসরি সংযুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই এক সফটওয়্যার থেকে আরেকটিতে ছবি স্থানান্তর করতে পারবেন।
অ্যাডোবি আরও জানিয়েছে, শিগগিরই ফটোশপ অ্যাপের অ্যান্ড্রয়েড সংস্করণও উন্মুক্ত করা হবে। তবে আইওএস ব্যবহারকারীরা এখনই অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। যদিও বেশ কিছু ফিচার ব্যবহারের জন্য অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড সাবস্ক্রিপশনের প্রয়োজন পরবে।
সূত্র: নিউজ১৮