গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমালো সরকার। নতুন ট্যারিফ অনুযায়ী, সর্বোচ্চ ৫ এমবিপিএস ইন্টারনেট সেবার মাসিক মূল্য হবে সর্বোচ্চ ৪০০ টাকা। আগে সমমূল্যের এ ইন্টারনেটের দাম ছিল ৫০০ টাকা। ট্যারিফ হার মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন সবস্তরে সমানভাবে প্রযোজ্য হবে।
বৃহস্পতিবার (২২ মে) সরকারি ও বেসরকারি সব ধরনের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের (আইএসপি) জন্য একক ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নতুন ট্যারিফ অনুযায়ী, আইএসপিদের “এক দেশ, এক রেট” নীতি অনুসরণ করতে হবে। গ্রাহকেরা ৫ এমবিপিএস ৪০০ টাকা, ১০ এমবিপিএস ৭০০ ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট পাবেন ১,১০০ টাকায়।
ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) তথ্য অনুযায়ী, বর্তমানে ৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ ও ২০ এমবিপিএস ব্রডব্যান্ড ইন্টারনেট ১,২০০ টাকা নির্ধারিত রয়েছে।
নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পরিপত্রে বলা হয়েছে, এ ট্যারিফ আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য বলবৎ থাকবে। পরবর্তী সময়ে বিটিআরসি নতুন ট্যারিফ ঘোষণা না করা পর্যন্ত এটি বলবৎ থাকবে। আইএসপিগুলোকে বিটিআরসির অনুমোদিত এ ট্যারিফ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। কোনো প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া অতিরিক্ত বা ভিন্ন ধরনের সেবা চালু করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া রাখা হয়েছে সেবার মান ও জরিমানার নিয়মও। বিটিআরসি গ্রাহক সন্তুষ্টি ও সেবার মান রক্ষায় চালু করেছে গ্রেড অব সার্ভিস ব্যবস্থা। এর আওতায় যদি কোনো গ্রাহকের ইন্টারনেট সেবা টানা ৫ দিন বিচ্ছিন্ন থাকে, তাহলে তিনি মাসে বিলের ৫০% ছাড় পাবেন। ১০ দিন বিচ্ছিন্ন থাকলে ২৫% এবং ১৫ দিন বা তার বেশি সময় সংযোগ না থাকলে পুরো মাসের বিল মওকুফ করতে হবে সংশ্লিষ্ট আইএসপি প্রতিষ্ঠানকে।
সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগের ফলে দেশের সব জায়গায় গ্রাহকরা সাশ্রয়ী, মানসম্মত এবং একক মূল্যে ইন্টারনেট সেবা পাবেন। একই সঙ্গে আইএসপি প্রতিষ্ঠানগুলোও নির্দিষ্ট মান ও শর্ত মেনে সেবা দিতে বাধ্য হবে।
একইসঙ্গে, ইন্টারনেটের দাম কমিয়ে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) পর্যায়ে ইন্টারনেটের নতুন ট্যারিফ নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আগামী ১ জুলাই থেকে এই ট্যারিফও কার্যকর হবে বলে পৃথক পরিপত্রে জানানো হয়েছে।
এদিকে, আইএসপিএবির নেতারা জানান, সরকার নতুন যে ট্যারিফ নির্ধারণ করেছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা ক্ষেত্র বিশেষে এরচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছে।