কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে রেকর্ড আয় করেছে। কোম্পানিটি জুন প্রান্তিকে রেকর্ড ৯,৪০০ কোটি ডলারের রাজস্ব অর্জন করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১০% বেশি। মূলত আইফোন ১৬ সিরিজের বিক্রি বেড়ে যাওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অ্যাপলের সিইও টিম কুক।
গত বছরের ৯ সেপ্টেম্বর “আইফোন ১৬”, “আইফোন ১৬ প্লাস”, “আইফোন ১৬ প্রো” ও “আইফোন ১৬ প্রো ম্যাক্স” নামের নতুন চারটি মডেলের আইফোন উন্মুক্ত করে অ্যাপল। টিম কুক জানিয়েছেন, বর্তমানে আইফোন ১৬ সিরিজই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আইফোন লাইনআপ।
তিনি জানান, ২০২৩ সালে বাজারে আসা “আইফোন ১৫” সিরিজের তুলনায় বিক্রি ও জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছে নতুন “আইফোন ১৬” সিরিজটি। তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি থেকে অ্যাপলের আয় হয়েছে ৪,৪৬০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৩% বেশি।
কুক জানান, আইফোন ১৬, ১৬ প্লাস, ১৬ প্রো এবং ১৬ প্রো ম্যাক্স- এই চারটি মডেলই গ্রাহকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে। নতুন সুবিধা, উন্নত ক্যামেরা এবং নকশাগত পরিবর্তন গ্রাহকদের আকৃষ্ট করেছে।
সিএনবিসিকে কুক বলেন, “আইফোন ১৬ বিক্রি গত বছরের একই সময়ে বিক্রি হওয়া আইফোন ১৫ এর তুলনায় দ্বিগুণের কাছাকাছি হারে বেড়েছে। অনেক পুরোনো আইফোন ব্যবহারকারী এবার নতুন আইফোনে আপগ্রেড করেছেন, যার ফলে বিক্রিতে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।”